Monday, March 26, 2018

রিম ঝিম ঘন ঘন রে বরষে


হঠাৎ করেই মনে পড়ে যায় কত কথা। শেষ হয়েও যা হয়নি শেষ। হয়তো দরকার ছিল একটা closure।
গভীর রাতে নিদ্রাবিহীন চোখ। দু গাল বেয়ে নেমে আসে নোনতা জলের ধারা। অবিরাম। অনিবার।
তারপর স্বাভাবিকভাবেই এক সময় রাতের আকাশ ফর্সা হয়।
সব ঝেড়ে ফেলে নামতে হয় জীবন সংগ্রামে। একেই বুঝি বড় হওয়া কয়।

Saturday, March 24, 2018

কিছু মানুষের গল্প

কিছু মানুষের গল্প

১।

চাকরিটা আজ আমি ছেড়েই দিলাম। প্রথমে একটু দোনামনা করছিলাম বটে। অনেক কষ্ট করে লোন নিয়ে লেখাপড়া কমপ্লিট করে তবে গিয়ে এই এত মাইনের চাকরি পেয়েছিলাম। কিন্তু দিন রাত অফিসের টেনশনটা আর নিতে পারছিলামনা। আমার কঠোর পরিশ্রমে করা কাজগুলোর কৃতিত্ব সব অন্য লোকে নিচ্ছিল। এপ্রেইজালের সময় ভুলভাল রেটিং পাচ্ছিলাম, কেন? না বসের সাথে ট্যুরে গিয়ে আলাদা রুমে থেকেছিলাম বলে। দিন নেই রাত নেই, শনি রবির বালাই নেই, যখন তখন বসের ফোন, "এই কাজটা এক্ষুনি চাই।" "অমুক ফাইলটা এক্ষুনি পাঠাও।" " তমুক ক্লায়েন্টের সাথে এক্ষুনি মিট করো।" হঠাৎ হঠাৎ করে ছুটি ক্যান্সেল্ড। আরে বাবা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স নেই না কি? অবশ্য আমার তেমন অসুবিধে হবেনা, মাস গেলে মাইনে না আসলেও, আমার বউ তো আছে রে বাবা। বিরাট উঁচু পোস্টে চাকরি করে। আমি না হয় কিছুদিন ব্রেক নিই, একটু লেখালিখি গানবাজনা করি। তারপর পরের চিন্তা পরে হবেখন।




২।

"হ্যাপি বার্থডে লাভ।" একটা বিশাল লাল গোলাপের তোড়া এক হাতে, আরেক হাতে অজস্র গোলাপী হার্ট শেপের বেলুন নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রোহণ। ওকে যা সুন্দর দেখাচ্ছে না ক্রিম রঙের টিশার্ট আর ব্লু জিন্সে। সদ্য স্নান করেছে, গা দিয়ে শাওয়ার জেলের মাদক সুগন্ধ এখনো ভুরভুর করছে। ফর্সা গালে হাল্কা সবুজ খোঁচা দাড়ি অল্প। নিজেকে থামাতে পারলাম না। বিজ্ঞাপনের মেয়েগুলোর মতো ওকে ঘরে টেনে ঝাঁপিয়ে পড়লাম ওর ওপর।

কোনমতে জিনিসগুলো পাশে রেখে ঘন হওয়ার ঠিক আগের মুহূর্তে হাসতে হাসতে রোহণ বলে উঠল, "সোহম, তোর কীসের এত তাড়া?"

৩।

সাত্বিক আর কিঙ্কিণীর বিয়ের যখন ঠিক আর ছয় মাস বাকি, তখন কেমিক্যাল প্লান্টে একটা ছোট্ট আক্সিডেন্টের ফলে সাত্বিক গুরুতর আহত হয়। এর ফলে হারিয়ে ফেলে নিজের দৃষ্টি। ছাড়া পাওয়ার মাস খানেক পর বাবা মায়ের সাথে একদিন সাত্বিক এলো কিঙ্কিণীর বাড়ি। হবু শ্বশুর শাশুড়ির কাছে হাত জোড় করে বলল, " কাকু কাকিমা, আমায় ক্ষমা করবেন। আমি কিঙ্কিণীকে বিয়ে করে ওর জীবনের বোঝা হয়ে থাকতে চাইনা। এই বিয়ে বন্ধ হোক।" উপস্থিত বাকি সকলেই স্তব্ধ, নির্বাক।

খানিক নিস্তব্ধতার পর ভেসে এলো জানলার ধারে দাঁড়িয়ে থাকা কিঙ্কিণীর কণ্ঠস্বর। " বাবা, ওকে জিজ্ঞেস করো দৃশ্যপট যদি ঠিক উল্টে যেত, ও কী আমায় বিয়ে করতো না?"

আগামী পরশু ওদের পঞ্চম বিবাহবার্ষিকী। নিমন্ত্রনপত্র পেয়ে মনে পড়ে গেল ঘটনাটা।

****************************************************

এঁরাও কিন্তু প্রত্যেকেই আমার আপনার সকলের মতোই manউষই।

Wednesday, March 21, 2018

নতুনের আহ্বান

kajer loker meyer school jawa

mayeder internet e asha

biyer pore harmonium



যবে থেকে বকুলকে নিয়ে কাজের বাড়ি নিয়ে গিয়েছে মীনা, সেইদিন থেকে শুরু হয়েছে ওর জ্বালা। কেন যে মরতে সেদিন মেয়েকে নিতে গেলো, নেহাত শাশুড়ি ছিলনা, একা একা সারাদিন ওই কচি মেয়েটা থাকবে, না জানি কি করে ফেলবে, কোথায় বেরিয়ে হারিয়ে যাবে, সেই ভয়ে ভোরের আলো ফুটতে না ফুটতেই বকুলকে সাথে নিয়ে বেরিয়েছিল। আর ব্যস। শুরু হল বিকেল থেকেই মেয়ের ঘ্যান ঘ্যান। গোটা রাস্তা জুড়ে "মা, আমিও ইস্কুল যাবো, মা আমিও নতুন জামা পরবো। আমি ল্যাখাপড়া শিখব।" ইত্যাদি। মেয়েকে তেমন ভাবে দোষও দেওয়া যায় না। এইটুকু বাচ্চা, যা দেখবে, তাইই সখ হবে। সক্কাল সক্কালই তো চারিদিকে লাল নীল সাদা শার্ট প্যান্ট স্কারট ব্লাউজ পরে বড় বড় বাসে করে স্কুলে যায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। মায়েরা বাবারা ঘুম ঘুম চোখে ওদের হাত নেড়ে স্কুলে পাঠায় এক নিশ্চিত ভবিষ্যতের জন্য। মীনা তখনই দেখেছিল বকুলের চোখে মুখে বিস্ময়।


মীনারও ইচ্ছে কি তা বলে হয় না? নিজে লোকের বাড়ি বাড়ি ঠিকা কাজ করে বলে কি মেয়েকেও সেই একই হতে হবে? কিন্তু টাকা? ইস্কুলে ভর্তির ব্যবস্থা? নতুন জামা বই? সি ব্লকের পাঁচতলার বৌদি ইংরেজি ইস্কুলে পড়ায়, সাহস করে বলে দেখিইনা, এই ভেবে সে আজ সকাল সকাল কথাটা পেড়েই দিল। " বৌদি, বলছি যে বকুল খুব ইস্কুলে যেতে চায়। কিছু ব্যবস্থা করতে পারো?"
" তা ভালো তো। ওকে স্কুলে দে। পাড়ায় পাড়ায় তো এত সরকারি স্কুল, তোদের বাড়ির দিকেও নিশ্চয়ই আছে। খোঁজ নে। শুরুতে যা টাকাপত্তর লাগবে, আমি না হয় দিয়ে দেবো। মাসে মাসে শোধ করে দিস সুবিধে মতো।"



বকুলের আনন্দ আর ধরে না। মা বিকেলে বাড়ি এসে ওর হাতে যখন একটা প্যাকেট ধরালো, ও প্রথমে "কী আছে এতে মা?" বলায় মা শুধু মুচকি হাসল। প্যাকেট থেকে যখন বেরোল চারটে বই আর দুটো খাতা,  দুটো লাল কালো পেন্সিল আর একটা সাদা রবার, বকুলের মুখে বিস্ময় ফুটে উঠেছিল।
"কাল থেকে ইস্কুল যাবি। আমি সব কথা বলে এসছি। এবার খুশি তো?"
সারা সন্ধ্যে বকুল নতুন বই খাতা শুঁকতে শুঁকতেই কাটিয়ে দিল। নেহাত খাবার পড়ে বই নষ্ট হতে পারে, এই বলে বই থেকে আলাদা করা গেল বকুলকে। রাত্রে হাতের কাজ সেরে মীনা ঘরে ঢুকে দেখে মেয়ে বই আঁকড়ে ঘুমোচ্ছে, অচেতনে। পরম শান্তি চোখে মুখে। চুলে বিলি কাটতে কাটতে দেওয়ালে টাঙ্গানো মা কালীর ছবিটার দিকে তাকিয়ে বলে, "মা, মেয়েটাকে দেখো।"



Tuesday, March 20, 2018

Thirty Days to Thirty

Thirty Days to Thirty


I have this calendar at my desk that gives inspirational quotes each day of the year. Today's one liner says "It's not how long life is but the quality of our life that is important." Funny that it had to come on a day when I am in the retrospective mode. It's exactly thirty more days till I hit the thirties.


Too many setbacks, plans A to Z gone haywire (currently surviving on Plan AZ of PlanLostCountOfTheNumber.xls), countless heartbreaks. Innumerable failures. Wrong decisions worth repenting. Endless tossing and turning in the bed. Dark circles. Weight gain. Stress. Relationships damaged. The last few years have been nothing less than a roller coaster ride.

Yet on the other hand...

Very very very supporting parents, almost always a supportive family (at least not the typical nagging/bugging one), loving friends who are more like family, good grades (it does really matter at times, no matter how much we deny it), some (however negligible it may be) contribution to the scientific community, rewards and recognition, opportunity to cultivate my hobbies.

In the end, I have come out stronger and happier than before.


I may have pictured a very different (and a rosy one) entry into the thirties..so many "Things to do/Places to visit before you turn 30" (including the much wanted Ladakh trip) still unchecked... but this isn't bad either!


Hello thirties.. on my way... (almost there)

Tuesday, March 13, 2018

ট্রুকলার



" হেলো, ইজ ইট মি ইউ আর লুকিং ফর?"

উফ, প্রতিদিন। প্রত্যেকদিন। ঠিক বিকেল তিনটে বাজবে। সবেমাত্র সুপ্রিয় ক্যাফেটেরিয়াতে চা খেতে আসবে, আর তক্ষুনি পকেটে রাখা ফোনটা বেজে উঠবে, অ্যালার্মের মতো। সেই একই নম্বর থেকে ফোন। ট্রুকলারে উঠবে, "স্প্যাম সুস্মিতা"। নেট না থাকলে নাম না উঠলেও এখন প্রতিদিন ওই এক নম্বর দেখে দেখে মুখস্থ হয়ে গিয়েছে ওর।

" নমস্কার স্যার, আমি হেলো বি জে এইচ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সুস্মিতা কথা বলছি। আপনি কি এই মুহূর্তে কোন ইন্স্যুরেন্স পলিসির কথা ভাবছেন?"

খেয়ে দেয়ে কাজ নেই, মান্থ এন্ড। এক পাহাড় কাজ, কোনমতে একটু মাথা ছাড়াতে এসেছে, তখন নাকি ইন্স্যুরেন্সের কথা ভাববে। যতসব।

" গুড আফটারনুন স্যার। আমি সুস্মিতা বলছি। আমাদের একটা নতুন হেলথ পলিসি শুরু হয়েছে। সেখানে এগারো মাসের টাকা আপনি দিলে বারো মাসেরটা কোম্পানি দেবে। "

" ও ম্যাডাম, আপনি বোঝেন না কেন? আমি সত্যিই ইন্টারেস্টেড নই। রোজ রোজ কেন ফোন করেন রে বাবা?"

" স্যার আসলে এরকম ভালো একটা স্কিম বেশিদিন থাকবেনা। স্পেশাল অফার চলছে। আপনি কাইন্ডলি শুনুন।"

" ধুত্তেরি, এটা গয়নার দোকান নাকি যে এগারো মাস দিলে বারো মাসেরটা ফ্রি? আপনি রাখুন।"

এরপর হয়তো দুদিন গ্যাপ। শনি আর রবি। তারপর আবার সোমবার। ঘড়ি ধরে ঠিক তিনটে বাজতেই, " স্যার, আমাদের একটা নতুন ক্যান্সার হেলথ পলিসি শুরু হয়েছে। আপনি শুধু একবার টারমসগুলো শুনুন।"

" আপনি ফোন রাখুন। আমি ইন্টারেস্টেড নই। আমার ক্যান্সার হয়নি। চৌদ্দ গুষ্টিতে কারুর ক্যান্সার হয়নি।"

"স্যার, হতে কতক্ষন। তখন কিন্তু এটা কাজে লাগবে। শুনুন, ক্যান্সারের অনেক খরচা।"

" এই যে শুনুন। অনেক হল। সমানে প্রত্যেকদিন আপনাকে বলে চলেছি, আমি এসবে ইন্টারেস্টেড না। ভদ্রভাবে বললে হয় না? আর একবার ফোন করে দেখুন, মজা দেখাচ্ছি।"

এপ্রেইজালের দিন। ম্যানেজারের মুখ থমথমে। কে জানে কী রেটিং দিলো, সেই নিয়ে টেনশন চলছে। তার মধ্যে এই ভ্যান্তারা, বিরক্তিকর। সুপ্রিয় বোঝে, এটা হয়তো ওই মেয়েটা বাধ্য হয়েই করে, কাজ। এমনি এমনি কেই বা যেচে রোজ কারুর মুখঝামটা খেতে যাবে। কিন্তু আজকেরটা বাড়াবাড়ি।

পরপর তিনদিন আর কোন ফোন আসেনি। চা খেতে গিয়ে বন্ধুদের থেকে, "কী রে, তোর মোহনবাঁশি বাজল না যে আজ?" শুনে সুপ্রিয় একটু হাসে। যাক, সেদিনের ডোজটা একটু কড়া হয়েছে ঠিকই, কিন্তু কাজে দিয়েছে।

শুক্রবার, উইকেন্ড মুড চারিদিকে। সুপ্রিয়র আজ একটু উড়ুউড়ু মন। মায়ের বান্ধবীর নিকটাত্মীয়ার সাথে কফি খেতে যাওয়ার কথা। সন্ধ্যেবেলা। কোথায় আর ঠিক কখন মিট করবে, সেটা মেয়েটি জানাবে। সারাদিন ধরে চাতক পাখির মতো ফোনের দিকে তাকিয়ে আছে সুপ্রিয়। কাজের ফাঁকে ফাঁকে চেক করছে কোন মেসেজ ঢুকল কি না। পিতজা হাট, কে এফ সি, লাইফস্টাইল আর এইচ ডি এফ সি ক্রেডিট কার্ড ছাড়া আর কিছুই এলোনা। নিয়ম মতোই তিনটে নাগাদ ক্যাফেটেরিয়া যেতেই, অবাক কাণ্ড, ঠিক অ্যালার্মের মতোই আবার বেজে উঠল ফোন। স্ক্রিনে জ্বলজ্বল করছে ট্রুকলারে "স্প্যাম সুস্মিতা"। মরণ। আজ আর ঝগড়া করে মেজাজ খারাপ করতে ইচ্ছে করল না ওর। একটা রিং হতেই কেটে দিলো। আবার ফোন। আবার কেটে দিল। এরকম তিন চারবার হওয়ার পরও যখন পঞ্চম বার ফোন এলো, নম্বরটা ব্লক লিস্টে ফেলবে কি ফেলবে না ভাবতে ভাবতে ধরেই ফেলল। ধরেই, "কেটে দিচ্ছি মানে কথা বলতে আগ্রহী না, বুঝতে পারেন না? অদ্ভুত তো?" চিৎকার করে উঠল। কাটতে যাবে ফোন, এমন সময় ওদিক থেকে শুনতে পেল,

" এক মিনিট। একটা কথা শুনুন। তারপর ডিসাইড করবেন রাখবেন না ধরবেন। আমি সুস্মিতা। প্রীতি পিসি আমাকে আপনার নম্বর দিয়েছেন। আপনার মা জানেন। আমাদের আজ কফিশপে দেখা করার কথা, সেই নিয়ে কথা বলতেই ফোন করছি। আর আপনি অদ্ভুত মানুষ, সমানে কেটে দিচ্ছেন।"

" ইয়ে, মানে, সরি। আসলে বুঝতে পারিনি। ভেরি সরি। "

" রাখুন আপনার সরি। নেহাত পিসি দুঃখ পাবে, তাই। নইলে আপনার মতো অভদ্র একজনের সাথে কফি খেতে যাওয়ার আমার কোনমতেই ইচ্ছে নেই। "

" আমি আসলে বুঝিনি। বলছি তো, সরি। ভেরি সরি। কী করলে আপনি ক্ষমা করবেন বলুন?"

" লেক রোডের সি সি ডি তে চলে আসবেন ঠিক সাড়ে ছটা নাগাদ। আমাদের কোম্পানির অন্তত তিনটি পলিসি পেপারে আপনি সাইন করবেন। আর আজকের কফি বিলটা আপনি মেটাবেন। তবে ক্ষমা টমার কথা চিন্তা করব।"

" তাই সই।"


পুনশ্চঃ ছয় মাস পর সুপ্রিয়র জীবন এখন বেশ ভালোরকমই সুরক্ষিত। সব দিক দিয়েই।

Saturday, March 10, 2018

চিঙ্গারি কোই ভড়কে

পয়লা ফাল্গুন। তাতান আর তুয়ার প্রথম বিবাহবার্ষিকী। বেশ ধুমধাম করেই পালন হচ্ছে। বিয়ের সময়ে তাতানের ঠাকুমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তখন নমো নমো করে বিয়েটা হয়েছিল। আর তাই বিবাহবার্ষিকী উদযাপনের ব্যবস্থাপনায় কোন কার্পণ্যই করেনি ওরা কেউই। দুই বাড়ির থেকে প্রচুর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর সমাবেশে অনুষ্ঠান বাড়ি জমজমাট। ফিস ফ্রাই আর মাটন কষার সুবাস একদিকে যেমন জিভে জল এনে দিচ্ছে, তেমনই হালফিলের সমস্ত ঢিনচ্যাক গান ডিজে, নাচানাচি, হই হুল্লোড়ে সন্ধ্যেটা মোহময়ী। গোলাপী কাঞ্জিভরমের আঁচল ঠিক করার খসখস, বেল ফুলের মালার সৌরভ, জহর কোটের পকেটে গোলাপ গোঁজা, অভ্যাগত অতিথিদের সাথে হাসি বিনিময়, উপহার প্রাপ্তি, বেশ চলছিল। এরই ফাঁকে মাঝে মাঝে কপোত কপোতীর লুকিয়ে চুরিয়ে একটু আধটু খুনসুটিও বাদ পড়েনি। এদিক ওদিক কিছু গুজুর গুজুর ফিসফাস, হাল্কা ঝারি মারা, সেলফি তোলা, প্রফেশনাল ক্যামেরাম্যানের দামী ক্যামেরার সামনে পোজ দেওয়া, মোটামুটি একটা চেনা ছক, চেনা ছন্দ।
সাজানো চিত্রনাট্যে বিচ্ছেদ ঘটল হঠাৎই। ক্যুরিয়ার সার্ভিসের একটি ছেলের আগমনে। একটা বিশাল বড় লাল গোলাপের তোড়া আর তার গাঁয়ে সেঁটে থাকা শুভেচ্ছা বার্তায়। " আমার প্রিয়াকে, বিশেষ দিনে, ভালোবাসান্তে, বি।" উপস্থিত সক্কলে তাতাইয়ের রোম্যান্টিকটার প্রশংসায় পঞ্চমুখ। " ওরে তুয়া, এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রথম বছর বলেই এত সব আয়োজন। দেখবি এরপর ঘর কা মুর্গা, ডাল বরাবর কেস হয়ে যাবে", " যতদিন পারিস আঁচলে বেঁধে বেঁধে রাখ, বুঝলি?" ইত্যাদি উপদেশ, শলা পরামর্শে তুয়া নাজেহাল। একটু যে আলাদা করে তাতাইকে ধন্যবাদ জানাবে এমন সুন্দর সারপ্রাইজের জন্য, সুযোগই নেই। থাক, একেবারে রাত্রে, সবাই চলে গেলে, নিজেদের একান্ত সময়ে না হয়...
তাতাই অর্থাৎ বিক্রম মুখোপাধ্যায় কিছুতেই মনেই করতে পারল না এমন উপহার অর্ডার করার ব্যাপারে। না, তনিশক থেকে গোলাপের পেন্ডেন্ট কিনেছে বটে কারণ তুয়ার প্রিয় ফুলই গোলাপ, দিয়েও দিয়েছে সেটি সকালেই ওকে। কিন্তু এই এতগুলো আসল গোলাপ... হিসেব মিলছে না যে। তাহলে কি অন্য কেউ? "ভালোবাসান্তে", "প্রিয়া"... মনটা খচখচ করছে। তুয়ার দূর থেকে ছুঁড়ে দেওয়া মিষ্টি হাসির উত্তরে দায়সারা একটা মাথা নাড়ানো ছাড়া আর কিছুই দিতে পারল না তাতান।
সবার অলক্ষ্যে গেটের বাইরে থেকে চলে গেল একটা কালো কাচ তোলা গাড়ি। পাঁচ বছর আগের ঠকানোর প্রতিশোধটা... রিভেঞ্জ লিস্টে দাগ কাটতে পারার উল্লাসে তখন আরোহী উন্মত্ত।

Thursday, March 8, 2018

নারী দিবস

নারী দিবস

আজ সকাল থেকেই নারীদিবসের শুভেচ্ছায় ফোন ভরে গিয়েছে। সর্বত্রই এক বার্তা। "Happy women's day", ব্যাপারটা ভাবাতে লাগল আমায়। এটা কি নারী দিবসের শুভেচ্ছা? নাকি আজ শুধুমাত্রই "happy" নারীদের দিন? কীসের উদযাপন আজ?
কারা বলুন তো এই "হ্যাপি উইমেন"? চলুন তো এমন কয়েকজনের কথা শুনি।

১।
ডিসেম্বর ১৬২৯। দক্ষিণ জার্মানির ব্যাম্বারগ শহর। ডরোথিয়া ফ্লক শহরের কাউন্সিলরের দ্বিতীয় স্ত্রী। কিছু মাস আগে গ্রেপ্তার হন ব্যভিচারের দায়ে। পালাতে সক্ষম হন। কিন্তু এইবারে গ্রেপ্তার হন ডাইনি সন্দেহে। তিনি এখন অন্তঃসত্ত্বা। কারাগারে চলছে অকথ্য অত্যাচার। সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকা। এরই মধ্যে স্বামী ও পরিবারের অন্যদের সাহায্যে অবশেষে ছাড়া পেলেন। জন্ম দিলেন একটু সুস্থ শিশুর।

২।
সালটা ১৬৩১ কিংবা ৩২। শাহ জাহান তখন আগ্রাতে মোগল সাম্রাজ্যের অধিপতি। বাংলায় কিছু বিদ্রোহী সবে মাথা তুলতে শুরু করেছে। সম্রাটের নির্দেশ গেলো বাংলাতে সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠার। রক্তারক্তি, মারামারি, লুণ্ঠন সব চলল। সমস্ত বিদ্রোহী পুরুষকে হত্যা করল রাজ সৈন্য। এরপর সব পরাজিত নারী ও শিশুদের দোল বেধে নিয়ে আসা হল আগ্রায়। সসম্মানে তাঁদের এক নতুন জীবন দিতে।

৩।
১৮১২। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এক ছোট্ট গ্রাম পলাশপুর। কুলীন ব্রাহ্মণ ঘরে বিয়ে হয়ে এলো নয় বছরের কেতকী। স্বামীটি এর আগে আরো তিন চারটি বিয়ে করেছেন। সেই স্ত্রীরা অবশ্য প্রত্যেকেই বার্ধক্য ও রোগভোগের পর মারা গিয়েছেন। স্বামীটিও বিশেষ সুস্থ নন। বয়স ষাটের ওপর। একদিন হঠাৎ জ্বরে কাবু হলেন। সাতদিন ভুগে তিনিও ইহলোকের মায়া ত্যাগ করলেন। গ্রামের মাথারা সবাই ঠিক করতে বসলেন কেতকীর ভবিষ্যৎ। ওর বাবাকে ডেকে মেয়েকে নিজের কাছে ফিরিয়ে নেওয়ার আদেশ এলো। সাথে এও বলা হল, ওকে যেন এখন বিশ্বম্ভর পন্ডিতের টোলে ভর্তি করে দেওয়া হয়। মেয়েটা লেখাপড়া শিখুক, বাঁচুক।

৪।
বরোদা শহরের পনেরো বছরের ইনসিয়ার কথা তো জানেন? কেন? সিক্রেট সুপারস্টারে দেখলেন যে ওকে? কত সুন্দর গান করে। গিটার বাজিয়ে। প্রথম প্রথম তো ওর মা নাজমা লুকিয়ে ল্যাপটপ কিনে দিয়েছিলেন ওকে। তারপর ও ইউটিউবে গানের চ্যানেল করেছিল নিজের। মায়ের উৎসাহ ছিল সারাক্ষণ। কিন্তু একদিন যেই আব্বু জানলেন মেয়ের এমন প্রতিভার কথা, গর্বে বুক ফুলে গেল। মুখ ঢেকে আর ক্যামেরার সামনে আসতে হবেনা ইনসিয়াকে। আর তাই ইনসিয়ার আর সিক্রেট সুপারস্টার চ্যানেলটা নেই। সেই জায়গায় এখন ওর নতুন চ্যানেল। "বরোদা সিঙ্গিং স্টার"। আব্বু প্রতিটা ভিডিয়ো ক্যামেরাবন্দী করেন।

অবাক হচ্ছেন? এরকম যে অনেক অনেক এমন "happy women" আছে আমাদের দেশে।

বিঃ দ্রঃ ওপরে লেখা প্রতিটি লেখার আসল শেষগুলো জানতে চান? শুনবেন?

১। পরিবারের অসীম প্রচেষ্টায় অবশ্যই ডরোথিয়ার মুক্তির নির্দেশ আসে। কিন্তু সেই বার্তাবাহকের এসে পৌঁছনোর ঠিক আধ ঘণ্টা আগে মেরে ফেলা হয় ওঁকে। হাজার হাজার "ডাইনি"র মত।

২। সেই সমস্ত নারী ও শিশুদের বিলিয়ে দেওয়া হয় সম্রাটের আমীরদের মধ্যে। নিজেদের হারেমে রাখার জন্য। বা ক্রীতদাসীর মত। কীভাবে "ব্যবহার" করবেন সম্রাটের এই "উপহার", সম্পূর্ণ তাঁদের মর্জি।

৩। কেতকীর হাত পা বেঁধে মাদক সেবন করিয়ে স্বামীর লেলিহান চিতায় ফেলে দেওয়া হয়। পাশে বাজতে থাকে কাঁসর। ঢাক। ঢোল। বাঁচার জন্য মেয়েটির আকুল কাকুতি মিনতি চীৎকার, কেউ শুনতেই পেলোনা।

৪। সিনেমায় তো দেখেইছেন। আর কী বলি নতুন করে?