Friday, January 25, 2019

সেদিন দুপুরে

মিতিল বছর তিনের এক মিষ্টি মেয়ে। ফর্সা গোলগাল চেহারা, এক মাথা কোঁকড়া চুল। ঠিক যেন একটা ডল পুতুল। দেখলেই আদর করতে ইচ্ছে করে। মিতিল আর ওর বাবা মা মাস ছয় হয়েছে আমাদের এই হাউজিং কমপ্লেক্সে এসেছে। আমাদের কমপ্লেক্সটা আর পাঁচটা মার্কিনি শহরের ঝাঁ চকচকে রেসিডেন্সিয়াল বাড়ির মতোই। প্রত্যেকে নিজেদের মতো থাকে। আশেপাশের বাড়ির লোকের সাথে তেমন কথা নেই। হয়তো মুখোমুখি হলে একবার হাই বলে হাসলাম। ব্যস। অবশ্য মিতিলদের সাথে ব্যাপারটা একটু আলাদা। একই বিলিডিংয়ে দুটো ভারতীয় তায় আবার বাঙালি পরিবার। আলাপ ও এ বাড়ি ও বাড়ি যাওয়া আসা লেগেই আছে।
মিতিলের বাবা মা, অমিত আর সুলগ্না দুজনেই আই টি ফার্মে চাকুরীরত। বাচ্চাকে দেখার জন্য এক মেক্সিকান ন্যানি রয়েছে। আমি বাড়ি বসে কাজ করি, তাই মাঝে মাঝে এক দুবার একটু দেখে আসি। ও ঠিক আছে কি না। মিতিলের ন্যানিটির নাম লোরি। মাঝ বয়সী। ধর্মভীরু। হাসি খুশি। দক্ষ। আমি যতবারই গিয়েছি, দেখেছি মিতিলের সাথে খুব ভাব। বেশ দুজনে খেলছে। লোরি ভাঙা ভাঙা ইংরেজিতে ওকে গল্প শোনাচ্ছে। আমি খানিকটা সময় ওদের সাথে কাটিয়ে আবার নিজের বাড়ি ফিরে আসি। সুলগ্নাকে একটা মেসেজে জানিয়ে দিই সব ঠিক আছে।
এরকমই এক দুপুরে একটু বাইরের কাজকর্ম সেরে ফিরে সবে খেয়ে উঠেছি। বাসন নামাচ্ছি, এমন সময়ে আমাদের দরজাটা বার বার ধাক্কাতে লাগলো। কী ব্যাপার, কে। কী হলো। এত ঘন ঘন কে কী চায়। আমি পিপ হোল দিয়ে উঁকি দিলাম। দেখলাম একটা বছর দশেকের ছেলে দাঁড়িয়ে। চেহারা দেখে তো ভারতীয় বা নিদেনপক্ষে দক্ষিণ এশীয় লাগল। আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার।
ছেলেটির পরনে ছিল একটি বেল বটম জিন্স প্যান্ট। আর এই গরমেও একটা মোটা সোয়েট শার্ট। চোখে লাগলো আমার। ও আমায় পরিষ্কার বাংলায় বললো, "আন্টি, তুমি শিগগিরই মিতিলদের বাড়ি যাও। ওর বিপদ।"
কী বিপদ, ও কে কিছু জানতে চাওয়ার আগে ও দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নীচে চলে গেল। আমি কোনো রকমে ফোন আর গাড়ির চাবি আর পার্স হাতে নিয়ে মিতিলদের দরজায় নক করলাম। ভিতর থেকে মিতিলের কান্নার শব্দ পাচ্ছি মনে হল। নাকি টিভি চলছে? দু মিনিট অপেক্ষা করার মতো ধৈর্য আমার ছিল না। আমার কাছে ওদের একটা ডুপ্লিকেট চাবি ছিল। দরজা খুলে ভিতরে ঢুকে আমি থমকে গেলাম। দেখি লোরি ওর বিশাল চেহারা নিয়ে শুয়ে আছে মেঝের ওপর। মাথা ফেটে রক্তে কার্পেট ভিজে যাচ্ছে। পাশে বসে মিতিল কেঁদেই চলেছে। খিদেয়। ভয়ে। আর মিতিলের পাশেই খুব বিপজ্জনকভাবে পড়ে রয়েছে কাটলারি সেট। মিতিলের হাতে ছুরি। হয়তো খিদেয় টেবিল থেকে খাবার খুঁজতে গিয়ে হাত থেকে ফেলেছে।
আমি এক দৌড়ে ওর হাত থেকে ছুরিটা সরালাম। সঙ্গে সঙ্গে ৯১১ ফোন করলাম। সুলগ্না আর অমিত যতক্ষণে এসে পৌঁছেছে, ততক্ষনে লোরিকে নিয়ে এম্বুলেন্স চলে গিয়েছে। আমি মিতিলকে আমার ঘরে বসিয়ে খাইয়ে দাইয়ে শান্ত করে ঘুম পাড়িয়েছি।
সুলগ্না তো মিতিলকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়ে কেঁদেই ফেলল।  বার বার আমায় দিদি তুমি না থাকলে কী যে হত, চির কৃতজ্ঞ এইসব বলতে লাগলো। আমি বললাম, আমায় ধন্যবাদ দিয়ো না। বরং ওই ছেলেটি কে, তাকে থ্যাংকস জানাও। সুলগ্না আর অমিত দুজনেই অবাক। কে ছেলে? কী ব্যাপার? আমি তখন সবটা বললাম।
সুলগ্না জিজ্ঞেস করল, একটা জিন্স প্যান্ট আর সোয়েট শার্ট পরা কি? বললাম হ্যাঁ। খানিক চুপ করে থেকে বলল, তার মানে রুপু। আমি জিজ্ঞেস করলাম, রুপু কে? অমিত বলল, আমরাও ঠিক জানিনা। বিগত এক মাস ধরে মিতিল আমাদের ওর রুপু দাদার কথা বলে। আমরা তেমন গা করিনি। ও যদিও এরকম বর্ণনা দিত, রুপু দাদার সাথে ও খেলে, দাদা ওকে গল্প শোনায়। লোরিকে জিজ্ঞেস করায় ও বলে এমন কেউ তো আসেনি কখনো। শিশুমনের কল্পনা ভেবে উড়িয়ে দিয়েছি আমরা। তবে আজ মনে হচ্ছে, সত্যিই রুপু দাদা বলে কেউ আছে। আর তার জন্যই মিতিলের কোনো বড় ক্ষতি হয়নি। লোরিও ঠিক হয়ে যাবে শুনলাম। এই রুপু দাদাকে দেখছিই খুঁজতে হবে। সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া যায় কি খোঁজ নেব ম্যানেজারের থেকে।" এই অবধি বলে অমিত থামল।
"কোনো লাভ নেই অমিত। কিছু পাবে না। আমি জানি রুপু দাদা কোথায় আছে।" সুলগ্না শান্ত হয়ে জানালো।
"কে ও?" অমিত ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল।
সুলগ্না ওর ফোন ঘেঁটে একটা পুরোনো স্ক্যান্ড ছবি বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, "দেখো তো দিদি, এই ছেলেটিই না কি?"
আমি ছবির দিকে তাকিয়ে অবাক। অবিকল দুপুরের বাচ্চাটা। সেই এক পোশাক। একই রকম ঝাঁকড়া উস্ক খুস্কো চুল। "কে এ?" আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম।
"এটি আমার দাদার ছবি। আমি কখনো দেখিনি দাদাকে। নয় বছর বয়সে আমার জন্মের আগেই মারা যায়। কনজেনিটাল হার্ট ডিসিস ছিল। মায়ের কাছ থেকে দাদার এই ছবিটা দেখেছিলাম। আমার গ্যালারিতে সব সময় থাকে। দাদার নাম ছিল রূপায়ণ। আদর করে সবার রুপু।"

Thursday, January 24, 2019

033 - 1

#জিরো_থ্রি_থ্রি
এক বন্ধুর সূত্রে খবর পেয়ে একটা app ডাউনলোড করে আজকাল রেডিও শুনি খুব। কলকাতার মোটে একটাই স্টেশন ধরে। আকাশবাণীর কোনো একটা। গীতাঞ্জলি। কলকাতায় থাকতে শুনিনি। তখন মূলত প্রাইভেট এফ এম শুনতাম। আর আকাশবাণী হলে রেনবো আর গোল্ড। বিশেষ করে রাত ১০টা থেকে অবশ্যই রেনবোতে "আজ রাতে" অনুষ্ঠান। দিব্যি শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়তাম..মা বেচারিকে রোজ মাঝ রাতে উঠে রেডিও অফ করে দিতে হতো। আর প্রতিদিন সকালে আমার কপালে জুটত বকুনি। আজকাল এখানে এসে খুব মিস করি।
এখন হোস্টেলে আনলিমিটেড ওয়াইফাই। তা ছাড়া জিও ফোন। একা থাকি। প্রায় সারা রাত app এ রেডিও চলে। বা ইউটিউবে হয় হিন্দি বা বাংলা গল্প। কিছু একটা শুনতেই হয়। নইলে ঘুম আসেনা। মাঝ রাত্তিরে ঘুম ভাঙলে বন্ধ করে দিই। নইলে সকালে দেখি চলতে চলতে কখন অটো প্লে অফ হয়ে থেমে গিয়েছে। এখন এখানে বকবার কেউ নেই। অথচ দেখো, টেকনোলজি হাজির, সমস্যার সমাধান করতে।
তা যাই হোক, যে ধান ভাঙতে শিবের গাজন গাইলাম..হয়েছে কী, এখনও ওই মোবাইলে খুটুর খুটুর করতে করতে রেডিওতে বাংলা অনুষ্ঠান শুনছিলাম। দিব্যি লাগছিলো। আমাদের এদিকটা একটু নিরিবিলি, নির্জন। খোলা জানলা দিয়ে হঠাৎ শুনতে পেলাম ঢং ঢং করে দশটা বাজার শব্দ। এক ছুট্টে যেন পৌঁছে গেলাম সেই ছোটবেলার দাদাই বাড়ি, যেখানে ছোট ঘরটাতে ছিল একটা এই বড় দেয়াল ঘড়ি। প্রতি ঘন্টায় এমন ঢং ঢং করতো। কত ছুটির দিনে মা আর আমি বড় ঘরে শুয়ে আছি। ঘুম আসছেনা। গভীর রাত অবধি দুজনে শুয়ে শুয়ে ঘন্টার পর ঘন্টা ঘড়ির শব্দ গুনেছি।
এখন খালি মনে হচ্ছিল যেন সেই সেইদিনের দাদাই বাড়িতেই বসে আছি আমি। দশটা বাজলো। এক্ষুণি মা শুতে যেতে ডাকবে। আমায় খেলনাপাতি তুলে রাখতে হবে।
দালানের শেষ প্রান্তে একটা আলনা ছিল। তার নীচের তাকে আমার খেলনার পুটলি রাখবো। টিমটিমে হলুদ বাল্ব জ্বলছে। আরশোলা টিকটিকির ভয়ে আমি সিঁটিয়ে। মা কে ডাকছি।
এখন আর ওগুলোয় ভয় লাগে না। বড় হওয়ার সাথে সাথে ভয়গুলো কেমন পাল্টে যায়।
একটা শব্দের জেরে চেন্নাই কলকাতা সব এক হয়ে গেল কেমন... কে জানে আজকের "আজ রাতে" অনুষ্ঠানের বিষয় কী।।

Monday, January 21, 2019

বিরস দিন

একেকটা দিন মাথার মধ্যে ভুলভাল ইচ্ছের পোকাগুলো নড়ে ওঠে। উঠে পড়ি কোন এক বিদঘুটে সংখ্যার রুটের বাসে।
অফিস টাইমে। কখনও বা দুপুরে।
কপাল করে আবার ফাঁকা সিটও একটা ঠিক জুটে যায়ই যায়। মরা শহরে আর কজনই বা থাকে?
একলা বসে জানলার বাইরে মুখ বাড়াই।
শপিং মল, সিনেমা হল, স্কুল কলেজ, অফিস। ঠ্যালা গাড়ি, অটো, টোটো।
কত লোক, কত ভিড়। ক্যাঁচর ম্যাচর।

কিন্তু আমি...

চুপ করে বসে থাকি, ওই ভীষণ ভিড়ের মধ্যেই।
এদিক ওদিক দেখি কত অনুভূতি। হল্লা। হট্টগোল।
চেষ্টা করি তার মধ্যে মিলে মিশে যেতে।
আমার আলাদা অস্তিত্বটা তবুও ডুবতে ডুবতে শেষ একটা চেষ্টা করে বাঁচবার।

স্বপ্নগুলি হাতছানি দিয়ে যায় তারই মধ্যে দিয়ে।
ইচ্ছেগুলো বড়ই ডাকাডাকি করে। বেয়ারা আবদারে। 
তবুও হুঠ করে কেন যে পালিয়ে বেড়াই প্রায় রোজ
মন খারাপের দলে নাম লিখিয়ে...

Saturday, January 19, 2019

parody of kicchu chaini ami

কিচ্ছু চাইনি আমি শুধু একটু রিসার্চ করা ছাড়া
আমিও তাদেরই দলে, মাত্র একটা পেপার চায় যারা।।
না না কিচ্ছু চাইনি আমি শুধু একটা পি এইচ ডি ছাড়া।
আমিও তাদের দলে পেপার চায় একটাই যারা।।

সময়ের জাঁতাকলে উদ্যম যায় ক্ষয়ে ক্ষয়ে
আমি একা বসে থাকি পেপার আসবে কবে বলে।
ডিগ্রি শেষে চাকরি আর উজ্জ্বল ভবিষ্যৎ
ডিগ্রি শেষে চাকরি আর উজ্জ্বল ভবিষ্যৎ
কিচ্ছু চাইনি আমি শুধু একটা পি এইচ ডি ছাড়া।

করতে করতে কাজ আমারই ল্যাবে গেছি পচে
করতে করতে কাজ আমারই ল্যাবে গেছি পচে
তবুও ফিরে ফিরে আসি প্রতিদিন এই একই ল্যাবে
যদি একটু সাফল্য আসে ভুলে।।

না না কিচ্ছু চাইনি আমি শুধু একটু রিসার্চ করা ছাড়া।
আমিও তাদেরই দলে, মাত্র একটা পেপার চায় যারা।।

Thursday, January 17, 2019

033

#জিরো_থ্রি_থ্রি
দুপুর তখন একটা। মোটামুটি অফিস পাড়া বলা চলে। রাস্তার দুদিকেই বড় বড় বাড়ি। কিছু অফিস। অল্প কয়েকটা রেসিডেন্সিয়াল। আমি ক্যাবের অপেক্ষায়। ভুরভুর করে বিরিয়ানি, পরোটা আর মাংসের গন্ধ নাকে এসে লাগছে। এদিক ওদিক তাকিয়ে দেখি অফিসের বাবুরা হুমড়ি খেয়ে রাস্তার ধারের দোকানগুলিতে ভিড় করে খাচ্ছে। কোথায় গিয়ে যেন এক হয়ে গেল চেটপেট আর আমাদের ডালহৌসি বা ক্যামাক স্ট্রিট।
ফেরার পথে সেনোটাফ রোডের ছোট্ট ব্রিজের ওপর দিয়ে যখন গাড়িটা যায়, মনে হয় আনওয়ার শা রোড কানেক্টর দিয়ে যাচ্ছি। এই বুঝি ব্রিজ থেকে নামলেই যাদবপুর থানা। ডানদিকে একটু ঝুঁকে তাকালেই চিরপরিচিত স্কুল।
তবে ০৩৩ থেকে ০৪৪ এর দূরত্বটা কিছুতেই যেন কমে না।

Sunday, January 13, 2019

বহতা

অভিমানের বোঝা জমতে জমতে একদিন পাহাড় হয়ে যায়।
চোখের জলে পুষ্টি পেয়ে তারপর সেখানে শ্যাওলাও জমে।।
সময়ের নিয়মেই এরপর সেখানে পড়ে রোদের অকৃপণ ছটা।
ফুল ফোটে, পাখি গান গায়। তৈরি হয় মনোরম বীথি।।
কেউ কেউ প্রায় ভুলতেও বসে সেদিনের সেই দুঃখের টুকরোগুলো।।
হঠাৎ তারপর একদিন ঝড় ওঠে।
লন্ডভন্ড করে দেয় সব কিছু।
ঘুমন্ত আগ্নেয়গিরির মতোই অশ্রুলাভা বেরিয়ে ধ্বংস করে দেয় সমস্তটা।
আবার সব কিছু ঠাণ্ডা হয়।
থেমে যায় অনাসৃষ্টি।।
আবার জন্ম নেয় ধ্বংসস্তূপে নতুন প্রাণ।
কালের চাকা ঘুরতে থাকে।
অপরিবর্তিত। অনির্দিষ্ট।

Saturday, January 12, 2019

Elixir



Do you realise
It's been a while
Since the raindrops drenched us...

Empty hearts
Empty souls
Parched to death like never before.

We tasted a drop
Of the magic potion
Trying to believe..
In what they called love.


The winter's harsh
Snow fall all around
As we slowly get buried.

Broken twigs
Fallen snowmen
Waiting for their end like there is no tomorrow.


We tasted a li'l more
Of the magic potion
Trying to believe...
In what they called love.

A tiny shoot
Sprung out of the snow
And then  there was one more
And a garden followed.

The kids are out
And the laughter's back
Flowers bloomed
And then there were showers.

We tasted a lot
Of the magic potion
And now believe
In what they called love

The elixir of life...