Saturday, February 9, 2019

সরস্বতী পুজো

ভোরবেলা ঘুম ভাঙার অভ্যেস ওর চিরকালের। তানপুরাটা নিয়ে বসে ও যখন রেওয়াজ করে বারান্দায় বসে, কোকিল তার কূজন থামিয়ে মন্ত্রমুগ্ধের মতো শোনে। সুরলোক থেকে ভেসে আসে যেন সেই সঙ্গীত মূর্ছনা।
আজ অবশ্য প্রভাতী সঙ্গীত সাধনার সময় কিঞ্চিৎ কমেছে। বসন্ত পঞ্চমী তিথি লেগেছে এইমাত্র। বাগদেবীর আরাধনা ছাড়াও অন্য বিশেষ কারণে আজ বঙ্গসমাজে যুবক যুবতীদের মধ্যে অন্যরকমের উত্তেজনা। বুকের ভিতর দামামা বাজছে।
আমাদের নায়িকাও এই জ্বরে কাবু হতে চায়। আর তাই এক মাস আগে থেকে মাতৃদেবীর আলমারি ঘেঁটে অনেক ট্রায়াল দিয়ে শেষ পর্যন্ত একটি দুধ সাদা জমিতে সোনালী জরির কাজ করা পার আঁচল কেরালা কটন শাড়ি পরবে ঠিক করেছে।
গত রাত্রে চুলে শ্যাম্পু করে রাখা আছে, যাতে আজ সকালে এক ঢাল কোঁকড়া চুল শুকোতে সময় নষ্ট না হয়। কিঞ্চিৎ অপটু হাতে শাড়িটি পরে নায়িকা মাতৃদেবীর শরণাপন্ন হলো। উনি 'এত বড় হয়ে গেলি, তাও কুচি ধরতে জানিস না, আঁচলটা এত ছোট করলে কী করে চলবে' ইত্যাদি ভর্ৎসনা করে মেয়েকে রাজরাণীর মতোই সাজালেন।  যত্ন করে লম্বা চুল বেঁধে দিলেন একটি বড় খোঁপায়। তখনও একপ্রস্থ 'চুলে তেল না দিলে পেকে যাবে, কী উস্ক খুস্কো চুল তোর' চলল।
নায়িকা গয়নার বাক্স খুলে এবার ছোট্ট এক জোড়া সাদা মুক্তোর ঝুমকো দুল কানে পরলো। গলায় দিলো মুক্তোর চোকার।
ডাগর দুই চোখে সযত্নে লাগলো কালো কাজলের আঁচড়। মা বাবাকে প্রণাম করতে মা সদ্য বেটে আনা সাদা চন্দনের একটা ছোট্ট টিপ এঁকে দিলেন নায়িকার কপালে।
"খুউব সুন্দর লাগছে তোকে। দাঁড়া, সাজটা পরিপূর্ণ হয়নি। আসছি।" এই বলে মা ছুট লাগালেন বাগানে। সেখানে শীতের চন্দ্রমল্লিকা ডালিয়া সূর্যমুখী গাঁদার ভিড়। একটা হলুদ গাঁদা তুলে মেয়ের খোঁপায় গুঁজে বললেন, "এইবারে যেন লাগছে, বাসন্তী।" চোখের কোণ থেকে একটু কাজল নিয়ে মেয়ের কপালের এক ধারে লাগিয়ে বললেন, "নজর না লাগে আমার মেয়ের উপর। এত সুন্দর লাগছে।"
নায়িকাও "মা, তুমি প্রত্যেকবার এই বলে বলে আমার সব চান্স বন্ধ করে দাও। তোমার নজর কাটানোর টোটকায় আর কোনো ছেলেই যে আর আমার দিকে তাকায় না। সবাই খালি জ্যান্ত সরস্বতীর খোঁজে ঘুরে বেড়ায়। বাসন্তীর ভিড়ে" বলে আক্ষেপ করতে থাকে।
"বিজয়িনী হও মা। আমার আশীর্বাদ রইলো।" বলে মেয়েকে এগিয়ে দিতে যান মা। মনে মনে বলেন, "দুগ্গা দুগ্গা।"


(বলি কী, এক ঝাঁক সুন্দরীদের ভিড়ে যদি কোনো শান্ত স্নিগ্ধ শুভ্রবসনাকে দেখেন চুপ করে আড়ালে একা একা বসে আছে, একবার কনফার্ম করে নিতে পারেন। বীণাপাণি নয় তো?)

Friday, February 8, 2019

propose day


প্রোপোজ ডে স্পেশাল।

- তখন থেকে বলে যাচ্ছি। আমার কথা কানেই তুলিস না।
- কী যা ইচ্ছে বলে যাবি আর আমায় তা পাত্তা দিতে হবে?
-যা ইচ্ছে মানে? আমার ডিলে কোনো লুপ হোল পেলি তুই?
-বলা নেই কওয়া নেই, খামোখা তোকে প্রোপোজ করতে যাবো কেন?
-কারণ জানতে চাস?
-হুম। অন্তত তিনটে সলিড কারণ। মনোমত না হলে প্রোপোজ টোপজ করছি না।
-বেশ। শোন তবে।
১। তুই বই পড়তে ভালোবাসিস। আমিও। মোটামুটি একই ধরণের। আমরা এক সাথে থাকলে একই বইয়ের দুটো কপি কিনতে হবে না। যে টাকা বাঁচবে সেই টাকায় আরো অনেক বই কেনা যাবে।
-কন্টিনিউ।
-২। তুই হাঙ্গরের মতো খাস। আর আমি পাখির আহার। প্রত্যেকবার রেস্টুরেন্টে খেতে গেলে দুই প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করলে, তুই অবধারিত দেড় প্লেট পাবিই।
-সে তো এমনিই এখন পাই।
-ধুর গাধা, আরে সে তো আমি এখনো সিঙ্গল আর তাই তোর সাথে বেরোই বলে। আমি বিয়ে করে নিলে থোড়াই তোর সাথে এত খেতে যাবো। প্লাস ধর তোর বউ যদি রাক্ষসের মতো খায়, তোরই কপালে না শেষে হাফ প্লেট জোটে।
-পয়েন্ট!
-আর লাস্টটা বলি। এই যে তোর জঘন্য জঘন্য পিজেতে আমি হো হো করে হাসি, আর সমান তালে আরো জঘন্য পিজে ক্র্যাক করি, আর তো কেউ আমল দেয় না। স্ট্যান্ড আপ ওপেন মাইকে গিয়ে তো দেখা হয়েই গিয়েছে।
-ট্রু।
-নে, আরো একটা পয়েন্ট ফাউ দিই। মনের মধ্যে যখন ঝড় বয়ে যায় তোর, এদিকে মুখে হাসি। মাথার যন্ত্রণায় কাতরাচ্ছিস এদিকে কাজের ডেডলাইন আছে। শেষ করতে হবেই হবে। অসহ্য গেট টুগেদার বা ভুলভাল ডেট থেকে রেসকিউ করতে হয়। তারপর রাত বিরেতে ড্রিঙ্ক করে এসে ভুলভাল মেসেজ করে কান্নাকাটি করিস যখন। এই সমস্ত সময়ে, কে থাকে তোর সাথে?
-তুই।
-এরপরেও আরো কারণ লাগবে?

-এ কী রে, ঠিক করে হাঁটু গেড়ে বসতেও পারছিস না। কী রকম ভুঁড়ি বাগিয়েছিস খালি দেখ। ধ্যাৎ। কাল থেকে সকল সকাল দৌড়তে যাবি।
- বেশ। তার আগে আমায় কথা বলতে দে।
-হুম। বল। ঝটপট।
- দেবী, আমার জীবনের অধিষ্ঠাত্রী হবি? এই দেখ, কেমন পদ্য হয়ে গেল!
-যদি হ্যাঁ বলি, তাহলে কি মাঝে মাঝেই এরকম জঘন্য কবিতা শুনতে হবে?
- উহু। রোজ শোনাবো।
-তাহলে আমি পালাই...

-এই, এই... এই শোন না... গাছে উঠিয়ে মই কেড়ে নিস না। এই...

Thursday, February 7, 2019

এমন বরষার দিনে...

আজকেযে গল্পটি বলবো, তার পটভূমিকা ধরুন ওই ২০০৮ কিংবা ৯। কলকাতা শহর। তখনও ফোর জি আছড়ে পড়েনি শহরে। বাসে ট্রামে গাড়িতে মেট্রোয় তখনও লোকে ইয়ারফোন গুঁজে সদ্য জন্ম নেওয়া গুটি কয়েক প্রাইভেট এফ এম চ্যানেলে মশগুল। আর শোনা যায় যখন তখন যেখানে সেখানে এস এম এসে টুং টাং, টিং টিং। এমন সময়ের এক বৃষ্টিমুখর দিনের গল্প।



ফেব্রুয়ারির মাঝামাঝি। গত দুইদিন ধরে কলকাতা শহরে টানা বৃষ্টি চলছে। এই অসময়ের বৃষ্টি, জাঁকিয়ে শীতটা আবার যেন পড়েছে। সারা রাত বৃষ্টি পড়ে নিস্তার নেই, সকাল হয়ে গিয়েছে। তবুও অঝোরে ঝরেই চলেছে। আকাশ কালো থমথমে। সূর্য ছুটি কাটাচ্ছে। বছর চব্বিশ পঁচিশের এক মেয়ে, রুমুন, হাতে লাল রঙের কাপ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। তা প্রায় খানিকক্ষণ তো হলই। কাপে রয়েছে ওর পছন্দের প্রিয় কফি। জাস্ট দ্য রাইট ওয়ান। দুই চামচ কফি পাউডার, দুই বড় চামচ চিনি আর বাকিটা গরম দুধ ঘেঁটে বানানো ওর পারফেক্ট কাপ অফ কফি। সকাল শুরুই হয়না এটা ছাড়া।

গলফগ্রিনের এই ফ্ল্যাটে রুমুন একাই থাকে। সেই মাস্টার্স পড়ার সময় থেকেই। বাবা মা দুজনে চাকরিসূত্রে আপাতত দিল্লীতে স্থায়ীভাবে রয়েছে। রুমুন মাস্টার্স করেছে যাদবপুর থেকে, এখন একটি বেসরকারি সংস্থায় নতুন চাকরিতে ঢুকেছে। একাই থাকে। রান্নার লোক, কৃষ্ণাদি দু'বেলা এসে ওর জন্য অল্প কিছু রেঁধে বেড়ে দিয়ে যায়। কফি কাপটা হাতে নিয়ে বাইরে দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। ওদের বিল্ডিঙটার সামনেই পরপর অনেকগুলো স্কুলের বাস আর পুলকার আসে। বাচ্চাগুলো সেই কোন সকালবেলা স্নান টান সেরে স্কুলে যায়, বাবা মায়েরা হাত ধরে বাসে গাড়িতে উঠিয়ে যায়। রুমুনের মনে পড়ে যায়। ও যখন ছোট ছিল, বাবা মা দুজনেরই হসপিটালে একেকদিন একেক সময়ের ডিউটি হওয়ায় মানদামাসী ওকে স্কুএল্র জন্য তৈরি করে দিত। লাল স্কারট, সাদা শার্ট পরে গোলাপী লেডিবার্ড সাইকেলটা চালিয়ে যেত স্কুলে। রাস্তায় কত বন্ধুরাও জুতে যেত। আজকে বাসগুলোও নেই, গাড়ির হর্নও নেই। নির্ঘাৎ স্কুলে রেনি ডে দিয়েছে। এইসব সময়ে রুমুন ভীষণ মিস করে স্কুল জীবন, ছোটবেলা। ওরও তো আজকের দিনে ইচ্ছে করছে সারাদিন বিছানায় পড়ে থাকার, চরম আলসেমি করার। অথচ দেখো, এই এক্ষুণি শুরু হবে দৌড়, যুদ্ধ। তাড়াহুড়ো করে স্নান সেরে ব্রেকফাস্ট খেয়েই ছোটো অফিস।
অফিস যেতে রুমুনের মোটেই ভালো লাগেনা। তার মূল কারণ ওর খড়ুস বস। লোকটা একেবারে ইয়ে পাবলিক। কথায় কথায় সকলকে ধরে ধরে বকা দেয়। রুমুন নিজেও কতবার বকুনি শুনেছে, তার ইয়ত্তা নেই। বছর তিরিশ বত্রিশ হবে হয়তো বয়স, এদিকে হাবেভাবে ষাটের জেঠু। যখন প্রথম এই অফিসে রুমুন জয়েন করে, সুপুরুষ বস দেখে অত্যন্ত পুলকিত হলেও, দুদিনেই স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল ওর। বাবা রে, যতই হ্যান্ডসাম হোক, এমন কড়া লোক। গোমড়া মুখ করে থাকে সর্বক্ষণ। রুমুন এদিকে হাসি খুশি, আমুদে মেয়ে। এক্কেবারে খড়ুসের উল্টো। ওই জন্যই তো ওর কলিগদের সাথে মিলিয়ে নাম দিয়েছে বসের "খড়ুস"। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে এখন আসল নামও মনে আসে না সহজে!

রেডিও শুনতে শুনতে কফি খেতে গিয়ে আজ সাঙ্ঘাতিক লেট হয়ে গিয়েছে। এই রে, বসবার ঘরে দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে রুমুন জিভ কাটল। একেই বৃষ্টির জেরে ট্র্যাফিক জ্যাম হবে, তার ওপর বেরোতেই লেট। আজ কপালে দুর্ভোগ আছে ওর। গলফগ্রিন থেকে সল্ট লেক। এমনি দিনেই এক ঘণ্টা লেগেই যায়। আজ শেষ। "শিয়োর খড়ুসের চোখ রাঙানি খেটেই হবে তোকে রুমুন আজ, প্রেজেন্টেশন ডিউ তো দশটায়। কেউ বাঁচাতে পারলো না আজ তোকে রুমুন।" নিজেই নিজেকে বলতে থাকে ও। অন্যান্যদিন তাও বা ইস্তিরি করা জামাকাপড় পরে বেরোয় ও। আজ তো হাতের কাছে যা পেয়েছে, সেই পরে কোনমতে ছুট লাগালও। একটার পর একটা ট্যাক্সি মুখের ওপর "যাবো না" বলে চলে যাচ্ছে। কী বিরক্তিকর পরিস্থিতি। প্রায় কুড়ি মিনিট অপেক্ষার পর ও ভাবলও, রিক্সা ধরে এইট বি যাবে। সেখান থেকে এস নাইন। এবার সমস্যা। রিক্সার দেখা নেই। ছাতা মাথায় এদিক সেদিক করেও লাভ নেই। ত্রিসীমানায় একটা রিক্সার দেখা নেই। হাত কামড়ানোর অবস্থা যখন রুমুনের, হঠাৎ দেখতে পেল দূরে একটা রিক্সা আসছে, অবশ্য এমন প্লাস্টিক জড়ানো, বোঝার উপায় নেই তাতে সওয়ারী আছে না নেই। তবে যা অবস্থা এখন, চেষ্টা করতেই হবে। কোনমতে লাল ছাতাটা খুলে দৌড়ে রাস্তা পার হতে এগোল রুমুন। এবং তারপর? ব্যস, যা ভবিতব্য, ঠিক তাইই হল।

রুমুন সুন্দরী, বুদ্ধিদীপ্তা ইত্যাদি আরো নানান বিশেষণে বিভূষিত হলেও কেউ ওকে কখনও সুতন্বী বলতে পারবে না। বরং একটু গোলগাল ভারিই চেহারা ওর। এর ফলে ওকে একটু বেশিই মিষ্টি লাগে দেখতে। তবে সব ভালোর মধ্যে একটা বেজায় খারাপ রকএম্র সাইড এফেক্ট আছে। ও যখন তখন যেখানে সেখানে ধুপধাপ করে উল্টে পড়ে যায়। তা যেই মেয়ে শুকনো ডাঙ্গায় পড়তে কারণ খোঁজে না, যার সেন্টার অফ গ্র্যাভিটি অন্যদের থেকে একটু অতিরিক্ত মাত্রায় বিচ্যুত, সে যে এমন বর্ষার দিনে জলে থইথই রাস্তায় পড়বে না, তা কখনও হয়? ঝপাৎ করে জলের ওপর পড়ল ও। ভাগ্যিস বেশি কাঁদা ছিল না, এই রক্ষে। তবে টের পেল বাঁ পায়ের গোড়ালিতে ভালোই লেগেছে। মচকেই গিয়েছে হয়তো। আর সাথে সাথে জুতোর স্ট্র্যাপ ছিঁড়েছে। রিক্সাও না থেমে চলে গিয়েছে ইতিমধ্যে। কী বিব্রত অবস্থা। ধুর, ভাল্লাগেনা। রুমুনের দুই চোখ ছাপিয়ে জল এসে যাওয়ার জোগাড়। ফ্ল্যাটে ফিরে জামা জুতো বদল করে অফিস যেতে গেলে যা লেট হবে, তার চেয়ে একটা সিক লিভ নিয়ে নেওয়া ভালো। এদিকে যে আজ প্রেজেন্টেশন? সেটা?

ভিজে স্নান, মচকানো পা নিয়ে ল্যাজে গোবরে অবস্থা এখন রুমুনের। কোনমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চারতলায় উঠল ও। ফ্ল্যাটের দরজায় চাবি খুলে বসার ঘরের সোফায় ব্যাগটা রেখে একটু গা এলিয়ে তবে শান্তি। আস্তে করে পা তুলবার চেষ্টা করল ও। ইতিমধ্যে ফুলে ঢোল। ভাঙেনি তো আবার? তাহলে চরম অসুবিধেয় পড়বে। লক্ষন ভালো না। আশু চিকিৎসার প্রয়োজন। আবার ভিজে জামাকাপড় পালটাতে হবে। হাঁচি কাশি এই এলো বলে। কান্না পাচ্ছে রুমুনের। একা বাড়িতে অসুস্থ ও। কেউ নেই একটু সাহায্য করবে যে। কৃষ্ণাদিও ডুব দিয়েছে।

পা টেনে কোনমতে নিজের ঘরে গিয়ে জামা বদলে সবে মাথাটা টাওয়েলে মুছছে, এমন সময় মোবাইলে তারস্বরে "এসো শ্যামল সুন্দর" বেজে উঠল সরোদে। রুমুনের খুব প্রিয় দুটি মিউজিক জনর - ক্লাসিকাল ইন্সট্রুমেন্টাল আর রবীন্দ্রসঙ্গীত। এই দুইয়ের অপূর্ব মেলবন্ধন ওর ফোনের রিংটোন। অফিসের কন্ট্যাক্ট, বন্ধুরা, ফ্যামিলি - একেক গ্রুপের একেক রিংটোন। অফিসে তাই রুমুনের ডেস্কটা একটা যেন মিউজিকাল জোন। ফোনটা পড়ে আছে ড্রয়িং রুমে। খুঁড়িয়ে লেংচিয়ে ও ঘরে পৌঁছতে পৌঁছতে ফোন বেজে বেজে থেমেই গেল। হাতে নিয়ে দেখল লেখা খড়ুসের নাম। মিসড কল। মোবাইলের ডিসপ্লেতে জ্বলজ্বল করছে সকাল সাড়ে দশটা। বেশ কয়েক গুন বেড়ে গেল রুমুনের হার্টবিট। এই রে, এইবারে একটা বড় রকমের ঝাড় খেতে চলেছে ও। পৃথিবীর আর কোন শক্তিই ওকে বাঁচাতে পারবে না। হে ভগবান, ভূমিকম্প এনে দাও। এনে দাও ঝর ঝঞ্ঝা।
 
ভয়ে ভয়ে রুমুন কীপ্যাড আনলক করে কল ব্যাক করলো। খড়ুসকে কেন জানি না রুমুন ভীষণ ভয় পায়। সেটা কী উনি সারাক্ষণ গম্ভীর মুখ করে থাকেন বলে? হাসেন না, তেমন বাহবে গল্প টল্পও করেন না কারুর সাথে।
বাবা, কলার টিউন লাগানো, তাও রবীন্দ্রসংগীত। আলো আমার আলো। ইন্টারেস্টিং! খড়ুস আবার গান বাজনাও শোনে? ভালোবাসে? দেখে তো মনে হয় না। কে জানে। ভগবান, প্লিজ যেন খড়ুস আমার ওপর না চিৎকার করে, প্লিজ ঠাকুর, প্লিজ। হুম, গান বেজে বেজে শেষ হয়ে গেল। ভগবান আজ প্রসন্ন নাকি? বস ফোন আন্সার করলেন না। কে রে বাবা, নিজে এক্ষুণি কল করে আবার নিজেই আন্সার করছে না। অদ্ভুত তো। যাক গে। ফোনটা সবে কান থেকে নামিয়েছে কি নামায়নি, অমনি সরোদ বেজে উঠল রুমুনের ফোনে। নামটা দেখে "হ্যাঁ স্যর, বলুন" বলেছে কি বলেনি, অমনি উল্টোদিক থেকে ভেসে এলো বাক্যবাণ। "মিস দাশগুপ্ত, আপনার ব্যাপারটা কী বলুন তো? সাড়ে দশটা বেজে গিয়েছে। এখনও ডেস্কে নেই। প্রেজেন্টেশন দেওয়ার কথা আজ, সেটাও আমায় দেখালেন না। ওয়াটস দ্য ম্যাটার?"
এই মুস্কিল। রুমুন ভাবে অনেক কিছু বলবে। এমন কী, ফোন ছেড়ে দেওয়ার পরও ফটফট করে অনেক কথা বলতে পারবে, কিন্তু আসল সময়ে গিয়ে স্পিক্টি নট। খড়ুসের কথার কোন জবাব নেই।
"কী হলো? হ্যালো? মিস দাশগুপ্ত, আপনি শুনতে পারছেন?"
এইবারে রুমুন আমতা আমতা করে বলল, "হ্যাঁ মানে, আসলে স্যর আমি আজ ছুটি নিয়েছি। মানে..." রুমুনের কথা শেষ না করতে দিয়েই খড়ুস বস বলে উঠল, "ছুটি মানে? কেন? কবে? কার পারমিশন নিয়ে?"
রুমুনের বলা উচিত ছিল, "অসুস্থ হয়ে পড়েছি হঠাৎ, মেডিকেল রিজনে ছুটি নিয়েছি। মেল করে দিচ্ছি এইচ আরে। প্রেজেন্টেশন মেল করে দেবো।" কিন্তু রুমুন তা বলতে পারল না। কী বলল? নারভাস কন্ঠে বলল, "আসলে স্যর একটু অসুবিধে হয়ে গিয়েছে। আমি এই এক্ষুণি জানিয়েই দিচ্ছিলাম। প্রেজেন্টেশন্টা পাঠাচ্ছি এক্ষুণি। রেডি আছে।"
"আচ্ছা ইরেস্পন্সিবল তো আপনি মিস দাশগুপ্ত। দুদিন বাদে ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে হবে, তার আগে কোথায় আজ ফাইনাল করব ব্যাপারটা, আপনি আজকেই অ্যাবসেন্ট। রিয়েলি, আনবিলিভেবল।"
"সরি স্যর। আমি এক্ষুণি পাঠাচ্ছি।" কোনমতে বলেই রুমুন ফোন কেটে দিল। কী যে হয়েছে আজকাল ওর, কথায় কথায় চোখ ফেটে জল আসে। হাপুস নয়নে কাঁদতে বসল।
টুং টাং করে দু তিনবার ফোনে এস এম এস ঢুকল। একটা ওর কলিগ মালবিকার। কেন আসেনি অফিস, জানতে চেয়েছে। আর বাকি খড়ুসের। উফ। একটুও শান্তি দেবে না কেউ। দশ মিনিটও হয়নি, মেসেজ ঢুকেছে খড়ুসের। প্রেজেন্টেশন চেয়ে। চোখ মুছে ল্যাপটপ চালু করে ঝটপট মেল করল ও। শুধুমাত্র সাবজেক্টে "ইয়োর প্রেজন্টেশন" লিখে অ্যাটাচমেন্টে  ফাইলটা। মেলে একটা বাড়তি কথা নেই।
এবারে রুমুন একটু খুড়িয়ে উঠে নিজের ঘরে গেল। ফার্স্ট এডের বাক্সটা ওখানেই। বাথ্রুমে গিয়ে একবার গীজার চালিয়ে ওষুধের বাক্স থেকে পেন কিলারের পাতা বের করল। সাথে নিল পেন রিলিভিং জেল আর ব্যান্ডেজ। কল খুলে গরম জল বালতিতে ভরে একটু পা ডুবিয়ে যদি আরাম পাওয়া যায়। তারপর ওষুধ লাগিয়ে রেস্ট। একা একা এমন মুহূর্তগুলোয় খুব অসহায় লাগে রুমুনের। কেউ নেই পাশে, একটু সেবা শুশ্রূষা করার। বা অন্তত খেয়াল নেওয়ার।
সেঁক দিয়ে ওষুধ লাগিয়ে ক্রেপ ব্যান্ডেজ জড়িয়ে রুমুন মোবাইলটা নিয়ে বসল। অফিসে একবার মালবিকাকে ফোন করে বলে দেবে, এইচ আরে জানিয়ে দিতে ছুটির ব্যাপারে। অবশ্য এতক্ষণে হয়তো খড়ুস ওর নামে কমপ্লেন ঠুকে দিয়েছে। কে জানে বাবা। মালবিকা রুমুনের অফিস কলিগদের মধ্যে বেস্ট ফ্রেন্ড। কাছাকাছি বয়সী বলে বন্ডিংটা দারুণ। তবে সবচেয়ে বেশি ভাব কারণ ওরা দুজনেই খড়ুসকে সমানভাবে অপছন্দ করে।

"হ্যালো। মালো?"
"বলো রুমুনদি। আজ এলে না কেন? তোমায় মেসেজ করেছিলাম।"
"হ্যাঁ আর বলিস না। অফিস যাবো বলে রেডি হয়ে নীচে দাঁড়িয়ে আছি। রিক্সা ধরতে গিয়ে উল্টে পড়ে পা মচকে একশা। আবার তার ওপর ভিজেওছি। হাঁচি শুরু হয়েছে সাথে। ওরে বাবা রে, হ্যাঁচ্চো। হ্যাঁচ্চো। হুম। দেখছিস? ওই জন্যই যাইনি।"
"এদিকে তোমার খড়ুস তো তোমায় চোখে হারাচ্ছিলো। বারবার এসে মিস দাশগুপ্ত কোথায়, মিস দাশগুপ্ত এখনো এলো না কেন করে যাচ্ছিল।"
"চুপ কর। চোখে হারানো না ছাই। প্রেজেন্টেশন দেওয়ার ছিল আমার। তাই। আমায় ফোন করে পঞ্চাশটা কথা শুনিয়ে দিয়েছে জানিস। উফ বাবা রে। কী কর্কশ কী কর্কশ লোক। সারাদিন করলা সিদ্ধ খায় মনে হয়।"
"হিহি! ওষুধ টোশুধ কিছু লাগলে বলো। যাবো সন্ধ্যায়। বাবা রে, কী বৃষ্টি বলো দি।"
"হ্যাঁ। ওই তো হলো আমার কাল। যাক গে। তুই কাজ কর। আবার লোকটা তোকে ফোনে দেখলে ঝাড় দিতে আসবে।"
"হুম। তাই না তাই। তুমি সাবধানে থেকো রুমুনদি। ব্যথার ওষুধ খেয়ো। টেক কেয়ার। বাই।"
"হুম। বাই।"
ফোন ছেড়ে রুমুন দেখল একটা এস এম এস ঢুকেছে ফোনে। খড়ুসের। লেখা "ওয়েল ডান। নো কারেকশন্স নিডেড।" হুহ! তবে? এটা রুমুন দাশগুপ্তর কাজ হে, কোনো খুঁত খুঁজে পাবে না কেউ। নির্ভুল কাজ। ফালতু ফালতু কথা শুনিয়ে দিলো। আর রুমুনও বলিহারি যাই। উত্তর দিতে আর শিখলো না। ক্যাবলা হয়েই রয়ে গেল। ধুর। কোথায় এস এম এসের রিপ্লাইতে এইসব কড়া করে ডোজ দেবে, তা না। শুধু "ওকে। থ্যাংকস" লিখে ছেড়ে দিলো।
মেসেজের ডেলিভারি রিপোর্ট আসার আগেই মালবিকার এস এম এস।
"কখন যে লোকটা কিউবিকলে এসেছিল, টের পাইনি। কে জানে কত কী শুনলো। জিজ্ঞেস করলো তোমার কী হয়েছে। বললাম সব। একটু ও আচ্ছা বলে বেরিয়ে গেল। কোথায় গেল, জানিনা।"
মালবিকার এই স্বভাব। শর্ট করে লিখতেই পারেনা। যার ফলে এই কথাটা আসতে অন্তত চারবার ফোনে টুং টাং হলো। রুমুন লিখলো উত্তরে, "মরুক গে যা। যে চুলোয় ইচ্ছে যাক।"



অনেকদিন পর হঠাৎ একটা এরকম ছুটি পেয়েছে রুমুন। পায়ে ব্যথা। রেস্ট দেওয়ার দরকার খুব। বৃষ্টিও পড়েই চলেছে। তাই বেরোনোর কোনো সিন নেই। দুপুরের রান্না করার ক্ষমতা নেই। ম্যাগি করে নেবে খন মাইক্রোতে। রিমোটটা হাতে নিয়ে টিভি চালালো ও। এ চ্যানেল ও চ্যানেল পরপর ঘুরেই যাচ্ছে। সর্বত্র শুধু প্রেমের গান আর প্রেমের সিনেমা। ভাল্লাগেনা। ব্রেকআপের পর থেকে এই সব ভীষণ বিরক্ত লাগে রুমুনের। পারদপক্ষে এড়িয়েই চলে। কিন্তু আজ কিচ্ছু করার নেই। ভ্যালেন্টাইনস ডে বলে কথা। সব চ্যানেলেই এই দেখাবে। খবরের চ্যানেলেও কোথায় কোন পার্কে কোন যুগলকে কে হ্যারাস করলো আর কোন সেলিব্রিটি কার সাথে কোথায় ঘুরছে। পারেও বটে ওরা।

কী করবে কী করবে? বেশ। ওয়ার্ল্ড সার্ভিস রেডিওতে একটু গান শুনলে হয়। রুমুন গান ভালোবাসে বলে গত বছর জন্মদিনে বাবা এইটির ব্যবস্থা করে দেয়। কত রকমের চ্যানেল। ভাষা কত। খুব পছন্দ এটা ওর। ইনস্টিউমেন্টাল মিউজিকের চ্যানেলটি চালালো। আহা, দরবারী  কানাড়া বাজাচ্ছেন কেউ। এক রাশ মুগ্ধতা।

কখন যে বাজনা শুনতে শুনতে একটু ঘুম এসে গিয়েছিল, কে জানে। মোবাইলের আওয়াজে ধড়ফড় করে উঠলো ও। হাতে নিয়ে দেখল খড়ুস ফোন করছে। আবার কী হল। আর পারা যায় না। ধ্যাৎ।
কোনোমতে ফোনটা রিসিভ করে বললো, "হ্যাঁ স্যর বলুন।"
উত্তর এলো, " ডাব্লু আই বি আর ১২ বাই এইট, এটাই আপনার এড্রেস তো?"
সে কী, ঠিকানা পেলো কোত্থেকে। কী দাবি আবার? রুমুন ঘাবড়ে গিয়ে বলল, "হ্যাঁ।।ওটাই। কেন?"
"দশ মিনিটের ওপর বেল বাজিয়ে যাচ্ছি। দরজাটা খুলুন।"
এহ? বলে কী? এখানে? কী হলো?"
ভেবলে ভ রুমুন। "হ্যাঁ আসছি। একটু দাঁড়ান।" বলে রুমুন উঠলো। ভয় উত্তেজনা সব মিলিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে বাঁ পায়ে চোটের ওপরেই চাপ দিয়ে ফেলল। আর তখুনি "আহ" বলে চেঁচালো।
একটু বেশিই জোরে হয়ে গেল নাকি?
বাইরে শোনা গেল। খড়ুস "সাবধানে মিস দাশগুপ্ত" বলল একটু অস্থির হয়েই।
খোঁড়াতে খোঁড়াতে রুমুন দরজা খুলে "আসুন। বসুন। বলুন কী হয়েছে" বলে দাঁড়িয়ে রইলো।
"আরে দাঁড়িয়ে রইলেন কেন। আপনার পায়ে ব্যথা। আপনি বসুন।" খড়ুস ওর দিকে এগিয়ে এলো। ধরে বসাতে। বাবাঃ, দরদ! হুহ!
"না ঠিক আছে। আপনি বসুন স্যর। বলুন কী হয়েছে।"
"আসলে আমি অ্যাপলোজাইস করতে এসেছি।"
"অ্যাপলোজাইস? কেন? কীসের? কাকে?"
"উফ মিস দাশগুপ্ত, আপনি বড্ড প্রশ্ন করেন।"
"সরি।" ধুর, যখন কথা বলার দরকার, মুখ ফুটে কথা বেরোয় না। আর এদিকে দেখো, এখন চুপচাপ শুনে যাওয়া উচিত, তা না, মেয়ের মুখে বুলি ছুটছে। ছি রুমুন, কবে যে তোর কোন সেন্স হবে? নিজের মনেই নিজেকে শাসন করতে থাকে রুমুন।
"না না, ওটা কথার কথা।"
"না মানে কথার কথা না। মানে, আমি সত্যিই সরি।" ভেব্লে গিয়ে রুমুন বলল। ব্যাপারটা কী হচ্ছে আজ? সাধারণত নার্ভাস থাকে ও, কিন্তু তা বলে এরকম যাকে বলে ছড়িয়ে ছ তো করে না। এটা কি তাহলে এই ব্লু ফর্মাল শার্ট আর সাঙ্ঘাতিক রকমের ভালো পারফ্যুমের এফেক্ট? অন্যান্য দিন খড়ুসকে দেখে যতটা ইরিটেশন হয়, কই এখন কিন্তু হচ্ছে না। উল্টে একটু যেন আদেখলাপনা করে বারবার ওর দিকে তাকাতেই ইচ্ছে করছে রুমুনের। ছ্যাঃ রুমুন। কী হল টা কী? পায়ে চোট এভাবে ব্রেনকে অ্যাফেক্ট করে নাকি? সাইন্সের বন্ধুদের বলতে হবে, রিসার্চ করতে। সেরোটোনিন ডোপামিনগুলো বেইমানি করছে নাকি?
"না না ভুল বুঝছেন মিস দাশগুপ্ত। যাই হোক, ব্যাপারটা হল তখন প্রেজেন্টেশন নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। তাই আপনার ওপর একটু বেশিই কড়া হয়ে গিয়েছিলাম। আপনি যে জেনুইনলি অসুস্থ, সেটা বুঝিনি। না জেনেই চেঁচালাম আপনার ওপর।"
"আর তাই বুঝি এখন এসেছেন ইন্সপেক্ট করতে? যে মালবিকা যা বলেছে, সত্যি না মিথ্যে। যাচাই করতে এসেছেন?"
এই রে, রুমুন অন ফায়ার! কী হল? নিজেই যে অবাক। এসব কী বলে চলেছে।
"এ বাবা মিস দাশগুপ্ত, একদমই তা না। বলছি তো। আয়াম এক্সট্রিমলি সরি। আমি আসলে সত্যিই ক্ষমা চাইতে এসেছি। এই যে দেখুন, একটা কার্ড এনেছি। এই যে, সরি লেখা।" এই বলে খড়ুস পিঠের ব্যাগ থেকে একটা বেগুনি রঙের খাম বের করলো। রুমুন হাতে নিয়ে দেখল, মিষ্টি একটা টেডি বিয়ার। হাতে এক গুচ্ছ বেলুন। কাচুমুচু মুখ করে সরি বলছে। আর রাগ টাগ জমিয়ে রাখতেই পারল না ও। এক্কেবারে হেসে ফেলল।
রুমুনকে হাসতে দেখে খড়ুসও নিশ্চিন্ত। উফ। এম বি এর অ্যাসাইনমেন্ট এর চেয়ে ঢের সোজা। এতক্ষণ তো ভয়ে জেরবার হয়ে ছিল। কীভাবে রুমুনের কাছে ক্ষমা চাইবে, কথাই বা বলবে কী করে। আসলে কাজ পাগল তো ভীষণ, তাই প্রেজেন্টেশনের চিন্তায় এক্কেবারে চ্যাপ্টা হয়ে গিয়েছিল। আর তাই না বুঝে শুনে রুমুনের ওপর চিৎকারও করে ফেলেছে। তারপরে মালবিকার কাছে যখন জানতে পারল, রীতিমতো কুণ্ঠিত বোধ করছিল। আসলে খড়ুস আমাদের মানুষটা বেজায় ভালো। শুধু অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পারে না। আর তাই এমন নামকরণের শিকার। আসল নাম যে অফিসের কটা স্টাফ মনে রেকেহছে কে জানে। ও জানে, সবাই আড়ালে ওকে একেক রকম নামে ডাকে।

যাক গে। মিটমাট যখন হয়েই গিয়েছে, আর ডিস্টার্ব করে লাভ নেই ওদের। নিজের গাড়ি নিয়েই এসেছে যখন, এবার একটু রুমুনকে নিয়ে ডাক্তারের কাছে যাক। পা মালিশ করে দিক। সেবা শুশ্রূষা করুক। ভালো দিনেই দেবীর চরণে স্থান পেল দেখছি!

রুমুনও বেশ খুশি। এক্সট্রা আহ্লাদিত আর কী। এই তো, এত অ্যাটেনশন পাচ্ছে, বেশ লাগছে কিন্তু। একেবারে রাণীর মতো সেবা, আহা। আবার তার সাথে উপরি পাওনা হয়েছে, মিউজিক ওয়ার্ল্ড থেকে কিনে আনা "মনসুন রাগাস" নামের সিডি। শুনছে খড়ুসের তেমন কাজ নেই অফিসে। প্রেজেন্টেশন তো পারফেক্ট আছে। বাইরে বৃষ্টিও পড়েই চলেছে। বলবে নাকি ওকে থেকে যেতে? সারাদিনই তো টিভির সব চ্যানেলে বেশ মাখো মাখো সিনেমা চলছে। একসাথে দেখলে মন্দ হয় নয়। তাই না? 

Monday, February 4, 2019

লে হালুয়া

বেলা তিনটে। রবিবার। পাড়ার সিগারেটের দোকানটার সামনে দাঁড়িয়ে সবে একটা ব্ল্যাকে আগুন ধরিয়ে একটা টান দিয়েছে শৌর্য, "কী কাকা, ব্যাপার কী বলো। এই অবেলায় সিগারেট?" বলে ওর পিঠে একটা চাপড় মানলো পাড়াতুতো ভাই, সংগ্রাম।

"কিচ্ছু না কাকা। জীবনে তো সবই ধোঁয়া, তাই আরেকটু বাড়িয়ে নিচ্ছি।" শৌর্যর গলায় হতাশা স্পষ্ট।

"বিশুদা, আমায় একটা গোল্ড দাও" বলে সংগ্রাম প্লাস্টিকের টুলটা টেনে বসল। একটা সুখটান দিয়ে শৌর্যর দিকে তাকিয়ে বলল, "কাকা কেস কী বলো দেখি। কেমন একটা ভেবলে গেছো মনে হচ্ছে।"

"ভাইপো, কী আর বলি। একটা জ্ঞান দিতে পারি। এই যে কথায় বলে না, the way to a man's heart is through the stomach, এটা কিন্তু মেয়েদের জন্য খাটে না। ছেলেদের ক্ষেত্রেও আজকাল খাটে কি, জানিনা। অভিজ্ঞতা নেই। কিন্তু মেয়েদের জন্য নৈব নৈব চ।" শৌর্য বেশ জোর দিয়েই বলে।

"বাবাঃ, কাকা, এত বড় কথা! খুলেই বলো কেসটা।" সংগ্রাম এবার আর কৌতূহল দমন না করতে পেরে বলে।

"আরে, ওই যে রুমুন.." শৌর্য শুরু করে।

"তোমার তো বিশাল চাপ রুমুনদির ওপর", সংগ্রাম একটু হেসে বলে।

"হুম। একটু না। ভালোই। তা আমি তো জানি ও হেব্বি খেতে টেতে ভালোবাসে। তাই একটু সেই সুযোগে ভাবলাম প্রোপোজ করে ফেলি। ফেব্রুয়ারি মাস বলে কথা। সেই জন্য বলে কয়ে ওকে নিয়ে খেতে গেলাম 'খাই খাই'তে।"

"আরি শালা, খাই-খাই। তা তারপর?"

"ওর পছন্দসই সব খাবার অর্ডার করলাম। চিংড়ির পকোড়াটা দারুণ বানিয়েছিল। মিন্ট চাটনি দিয়ে খেতে খেতে খুড়তুতো বোনের বিয়ের গল্প শুরু করলাম। ভাবলাম বুঝি এইভাবে কন্টেক্সট আনবো। ও হুম হা করে গেল। ভাবলাম খাবারেই মন দিচ্ছে মনে হয়। শুনছে টুনছে না।"

"হতেই পারে। যা পেটুক রুমুনদি।" সংগ্রাম ফুট কাটলো।

"দোকানের স্টাফগুলো আবার দেখি এক্সট্রা এফিশিয়েন্ট। ভাবছিলাম স্টার্টার আর মেন কোর্সের মাঝে গ্যাপ পাবো। তখন ঝেড়ে কাশবো। যাতে কিনা রসগোল্লা দিয়ে ডাইরেক্ট প্রোপোজ করতে পারি। ধুর ধুর। পকোড়ার প্লেট উঠিয়ে নিয়ে যেতে যেতেই দেখি গরম ধোঁয়া ওঠা ভাত আর তরকারি ইত্যাদি নিয়ে সব হাজির। আমার বোঝা উচিত ছিল। সবই সাইন। আমার প্ল্যানও ওরকম ধোঁয়ায় উড়ে যাবে।" কাঁচুমাচু মুখ করে কথাগুলো বলতে থাকলো শৌর্য।

"তা মেনু কী ছিল?" সংগ্রাম জিজ্ঞেস করলো।

"আমি মরছি মনের জ্বালায়, আর ভাইপো তুই কিনা মেনু জানতে চাস!" রাগ করে শৌর্য বলল।

"আহা কাকা, রাগ করে না। বলোই না। অন্তত ভালো খাওয়া দাওয়া তো করেছ। আমার মতো তো ডাটা চচ্চড়ি আর শিং মাছের ঝোল খেতে হয়নি রবিবারের বাজারে। রান্নার দিদির আজ হেব্বি তাড়া ছিল। তাই এই জুটেছে কপালে আমার।" বেশ দুঃখ করেই কথাগুলো বললো সংগ্রাম।

শুনে শৌর্যর মন গলে গেল। আহা রে, রবিবার দুপুরে একটু এলাহী খাবার খেতে হয়। বেচারা ছেলেটা। বললো, "হ্যাঁ। তা ট্যাংরা মাছের শুক্তো, মাথা দিয়ে ডাল, চিংড়ি দিয়ে এঁচোর, ইলিশ ভাপা, মাটন কারি, টমেটোর চাটনি এইসব খেলাম।"

"আরিববাস। হেব্বি মেনু।"

"হুম। রান্নাও দারুণ। মাংসটা যা ভালো সিদ্ধ হয়েছিল..আর ইলিশ ভাপাতে সর্ষের কী ঝাঁজ!"

"মিষ্টিতে কী খেলে?"

"আর মিষ্টি। ততক্ষণে দিদিমণি ঠারে ঠোরে শুনিয়ে দিয়েছে। তিনি অন্য কোথাও, অন্য কোনোখানে মন দিয়ে ফেলেছেন ইতিমধ্যে। আমার সব আশায় এমন জল ঢেলে দিল, কী বলি। ঠিক যেন আমার নতুন সাদা পাঞ্জাবিতে কেউ লাইম মিন্ট সোডা ঢেলে দাগ করে দিলো। ধুর ধুর।" শৌর্যর চোখে মুখে দুঃখ স্পষ্ট।

"কাকা, ইটস ওকে। দেয়ার আর মোর ফিশ ইন দ্য রিভার। তুমি হাল ছেড়ে জাল গুটিয়ে ফেলো না।" সংগ্রাম সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে।

"ভাইপো, হচ্ছে না। হচ্ছে না। অনেক চেষ্টা করেছি। এবার মনে হচ্ছে নিরামিষাশী হয়ে যেতে হবে। মাছ আর ধরা পড়লো না। বড্ড স্ট্রাগল ভাইপো।"

"কত ধসলো, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং। মানে, এই অসময়ে ইলিশ... আবার চিংড়ি, মাটন..."

"আড়াই তো ওখানেই। এছাড়া দুপিঠ এসি সেডান। তাতে আরো হাজার খানেক।"

"ইশ। ইশ। পুরো চুনা লেগে গেলো তো কাকা।"

"তা আর বলতে?"

"না না কাকা। মন খারাপ করো না। ইউ ডিসার্ভ মাচ বেটার। যে মেয়ে এত এফোর্টকে সম্মান করতে পারে না, তার দিকে মনোযোগ দিয়ে লাভ নেই। চলো কাকা, রাত্রে বিরিয়ানি সাঁটাবে চলো। মন ভালো হয়ে যাবে।"

"ধুর। আর টাকা নেই।"

"কাকা, আজ এটা এই ভাইপোর ট্রিট। শোনো কাকা, জেনে রেখো, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে। মেয়ের জন্য মন ভেঙে যাবে। কিন্তু এই ভাইপো, অলওয়েজ অ্যাট ইয়োর সার্ভিস কাকা। অনেক খাইয়েছ আমায় তুমি। আমি নেমকহারামি করবো না। চলো আজ। আর শোনো কাকা, আরেকটা কথা। এইসব সানন্দা বর্তমান মার্কা ম্যাগাজিন পড়া বন্ধ করো তো। যত ভুলভাল জ্ঞানের কথা লিখবে আর তোমাদের মতো সরল লোকজনের ট্যাঁক ফাঁকা করবে। সামনেই আবার ভ্যালেনটাইন্স ডে। হুহ।"

"বুকে আয় ভাই। বুকে।"

মিনওয়াইল, নিজের ঘরে, আরাম করে এসি চালিয়ে শুয়ে রুমুন দেবী গভীর নিদ্রায় আচ্ছন্ন। খাওয়াটা জব্বর হয়েছে। এবার একটু জমিয়ে অগ্নির স্বপ্ন দেখতেই হচ্ছে!

Friday, February 1, 2019

Yellow Melancholy

Wake up to receive notice to vacate apartment. Difficult times ahead.

Presentation due in an hour's time. Laptop battery dead. Editing work of at least half an hour unsaved.

Office shuttle cancelled.

Incessant rains. Life looks gloomy. Weather reflects it. Need to wade through water to work after water logging.

Decide to wear my lucky charm. A yellow saree gifted by Ma last birthday.
Yellow to me is happiness. Cheer. Positivity.

Desperate to believe that it will weave its magic today too. Like never before.

Take a yellow taxi to work. For added benefit.

Running late.
The yellow taxi spots a yellow light that slowly turns red.
Dead stop.

I look out of the window.

Smog engulfs the city.

My eyes fall upon a lonely yellow orange leaf stuck in the rusted wire railing.

Yellow is melancholy.  

Sunday, January 27, 2019

গানের ঝর্ণাতলায়

গানের ঝর্ণাতলায়

দুটো ক্লাস নিয়ে স্টাফরুমে এসে একটু বসেছি। এপ্রিলের মাঝামাঝিতেই বড্ড গরম পড়ে গিয়েছে কলকাতায়। আমাদের কলেজটা তাও ভাগ্যিস বেশ "নিউ-এজ", সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশন্ড। তাই একটু রক্ষে। জলের বোতলটা খুলে একটু গলা ভিজাতে যাব, এমন সময়ে এক দল সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে এসে ভিড় করল আমার টেবিলের সামনে। "ম্যাম, ম্যাম, গান শিখব।" আমি অবাক। গান শিখবে মানে? আমি তো রস কষ বিহীন সাবজেক্ট কেমিস্ট্রি পড়াই, সারাদিন থারমোডাইনামিক্স, কাইনেটিক্স এইসবের বাঘা বাঘা ফর্মুলা, থিয়োরি আর অঙ্ক করিয়ে আমার দিন কাটে, সেখানে হঠাৎ এমন গানের কথা আসে কী করে। জিজ্ঞেস করলাম, "গান? কীসের? কেন? আমি গান জানি নাকি?"

ওরা সমবেতস্বরে বলে উঠল, "ম্যাম, চলুন রুমের বাইরে। বলছি। এখানে এতজন মিলে কথা বললে অন্য স্যর ম্যামেরা আপনাকে আর আমাদের বকা দেবেন।" সত্যি, এরা পারেও বটে। ছেলেমানুষ। সারল্য দেখলে কেমন মায়া পড়ে যায়। ওদের পিছু পিছু বাইরে এলাম। বললাম, "বলো। কী ব্যাপার?"

মীনাক্ষী বলে একটি মেয়ে ওদের মধ্যে বেশ একটু লিডার গোছের, ওই এগিয়ে এসে বলল, "ম্যাম, আমরা ঠিক করেছি এইবারে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করব। সেমিস্টার শেষ হয়ে যাবে তখন। অসুবিধে নেই। কয়েকটা গান একটু তুলিয়ে দিতে হবে।" মনে পড়ে গেল ওদের উৎসাহ দেখে আমাদের নিজেদের কথা। এই যে বয়সটা, একদম ডানা মেলে উড়বার সময়। এদিক ওদিক নানান জিনিস পরখ করার সময়। বললাম, "কিন্তু আমি গান জানি, কী করে জানলে?" শোভন বলল, "ম্যাম আমরা আপনাকে গাইতে দেখেছি। ইউটিউবে। বোধহয় আপনার কলেজ জীবনের ভিডিও।" এই রে। ওই অত পুরনো ভিডিও পর্যন্ত ওরা দেখে ফেলেছে? যাক গে, কী করা যাবে আর। শেখাব। রাজি হলাম ওদের গান শিখিয়ে দিতে কয়েকটা।



উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম গান হবে "প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে", ওরাই ঠিক করেছে। আটজনের গ্রুপ। কয়েকজন বেশ ভালোই গাইছে। পরিচিত গান। কিন্তু জয়িতা আর প্রণতির মাঝে মাঝেই তাল আর সুর কাটছে। "শোন, ৩-৩ মাত্রার গান। হাতে গুনে গুনে করো।" আমি জায়গায় জায়গায় ওদের সাথে আলাদা করে এক লাইন দুই লাইন গেয়ে বোঝাচ্ছি। স্বরলিপি সমেত। গাইতে ও শেখাতে গিয়ে পৌঁছে গেলাম অন্তত বারো বছর আগে। কলেজের তখন সেকেন্ড ইয়ার চলছে। ফ্রেশারস ওয়েল্কামের জন্য গান গাইতে হবে। মোটামুটি গুনগুন করতে পারি বলে আমায় ধরে বেঁধে গানের দলে নাম লিখিয়েছে। ফিমেল ভয়েসের বড়ই অভাব ছিল। ঋজুর দায়িত্ব ছিল আমায় গানটা তোলানোর। ঋজু দক্ষিণীর ছাত্র। অসম্ভব দখল গানে। আর আমি ওই টিভি দেখে আর রেডিও শুনে একটু আধটু যা করি। কোন ফর্মাল ট্রেনিং নেই বলা চলে।



"আরো আলো, আরো আলো, এই নয়নে প্রভু ঢালো... ঢা- আ-লো। পা-ধা পা-ণি ধা।"

"ধুর ঋজু, আমি পারছি না। আমি তো এই সরগমই করছি।"

"না তুতুল, তুই শুদ্ধ নি বলছিস। কোমল নি হবে। আমি করছি। তুই শোন।"

ঋজুর উদাত্ত কন্ঠে তখন অডিটোরিয়াম মুখরিত হয়।

"সুরে সুরে বাঁশি পুরে, তুমি আরো আরো দাও তান..."

তখন আমার বয়স কত হবে? উনিশ? মুগ্ধ হয়ে শুনে যাচ্ছি ওই সুললিত সুর। প্রতিটি নোট যেন এসে বিঁধছে এসে এই বুকের মধ্যে। আহা। কী শব্দ। কী সুর। কী গায়কী। গান শিখব কী, শিক্ষকের প্রেমে ইতিমিধ্যে হাবুডুবু খাচ্ছি। আর এদিকে ঋজুও শিক্ষক হিসেবে বেশ সিরিয়াস। কিছুতেই পারফেকশন না এনে রেহাই দেবে না। অবশ্য হ্যাঁ, কাজে দিয়েছিল। অনুষ্ঠানের শেষে গোটা মঞ্চ এততাই হাততালিতে ফেটে পড়ছিল, সেই শব্দ যেন আমি এখনও চোখ বন্ধ করে শুনতে পাই। বাকি কলেজ লাইফে আরো অনেক অনুষ্ঠানে আমরা একসাথে গান করেওছিলাম। আমদের ওই গানে গানে প্রেম চলেওছিল তারপর অনেকদিন।



আজ এত বছর পর একই গান গাইতে গিয়ে এই ছাত্র ছাত্রীগুলোর মধ্যে নিজেদের প্রতিচ্ছবি দেখছিলাম মনে হল। নবীন এক ঝাঁক প্রতিভা। এখনই তো স্বপ্ন দেখার বয়স।



আবার লাস্ট পিরিয়ডের পর রিহার্সালে বসব ওদের নিয়ে, এই বলে আমি পরের ক্লাসের জন্য প্রস্তুতি নিতে চললাম স্টাফরুমে। এখন কটাদিন একটু দেরি হবে বাড়ি ফিরতে। যতদিন না অনুষ্ঠান পর্ব মিটছে। সংসারের দিকে একটু মনোযোগ কম দেওয়া হবে এই ক'দিন। হোক। ব্যাগ থেকে ফোন বের করে একবার ঋজুকে মেসেজ করে দিলাম।

"ছেলেমেয়েগুলো ধরেছে ওদের রবীন্দ্রজয়ন্তীর জন্য গান তুলিয়ে দিতে। কটাদিন একটু ফিরতে দেরি হবে। তুই প্লিজ হোম ফ্রন্টটা ম্যানেজ করে দিস? আর পারলে এক দুদিন আমাদের রিহার্সালে আসিস। তোর একদা ছাত্রী এখন নিজেই টিচার। কেমন শেখাচ্ছে, দেখতে হবে তো তোকে?" ওর একটা ছোট্ট রিপ্লাই এল, "অবশ্যই। তুই এগিয়ে যা। আমি তো আছিই।"

আমি জানি, ও ঠিক সামলে দেবে। কারণ একদিন তো আমরা এই অঙ্গীকার নিয়েছিলাম,



"গানের সুরের আসনখানি পাতি পথের ধারে

ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে..."












Saturday, January 26, 2019

হৃদয়াসনে

১

মেরুন রঙের ইনোভাটা ঠিক সাতটার সময়ে এসে দাঁড়িয়েছে দেবনদী হেরিটেজ হোটেলের সামনে। মিনিট পাঁচেক অপেক্ষার পর ড্রাইভারসাব প্রথমে ফোন করে ও তারপর পাঁচ দশ মিনিটের ব্যবধানে ম্যানেজার, বেয়ারা সবার মারফত দুই তিনবার আরো রিমাইন্ডার পাঠিয়েছে রুম নম্বর ৩০৬এ। সেই রুমের বাসিন্দারা গতকাল দুপুরে কলকাতা থেকে হরিদ্বার পৌঁছেছে ট্রেনে। আজ গাড়ি নিয়ে ওই দম্পতি যাবে প্রায় দুশো কিলোমিটার দূরে রুদ্রপ্রয়াগে। ঘন্টা পাঁচেকের রাস্তা। সকাল সকাল বেরিয়ে রাস্তা দেখতে দেখতে যাওয়ার প্ল্যান। সেই মতোই গাড়িকে এরকম সময় বলে দেওয়া। এমন সময়ে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরোলো বছর আঠাশ উনত্রিশের যুবতী। পরনে নীল জিন্স, হলুদ জ্যাকেট। গলায় বেনারসি কাজ করা কালচে স্টোলটা বেশ কায়দা করে পেঁচানো। মাফলারের মতো। ছোট খোলা চুল। ডান হাতে একটা লাল টুকটুকে স্ট্রলি ব্যাগ, বাঁ হাতে মোবাইল। "হাঁ ভাইসাব, হম বস পাঁচ মিনিট মে হি নিকল যায়েঙ্গে। আপ ডিকি খোলো। সামান ডাল দো," এই বলে ও নিজের ট্রলিটা এগিয়ে আবার হোটেলের ভিতর ঢুকে গেলো। লবিতে ততক্ষণে ওর সঙ্গী যুবকটি চলে এসেছে। সোফায় বসে তাড়াহুড়ো করে জুতোর ফিতে লাগানোর চেষ্টা চলছে। "কী রে, আর কতক্ষণ লাগবে তোর? গাড়ি কখন থেকে দাঁড়িয়ে।" যুবতী একটু কড়া স্বরেই বলল। "এই তো, হয়ে এলো। তুই এই সুটকেসটা নিয়ে যা। আমি ব্যাকপ্যাক আর ক্যামেরাটা নিয়ে আসছি।" মেয়েটি একটু বিরক্ত মুখ করে নীল সুটকেসটা ঠেলতে ঠেলতে এগলো। ছেলেটি পাঁচ মিনিট পর হন্তদন্ত হয়ে পিঠে কালো হলুদ ব্যাকপ্যাক, কাঁধে ক্যামেরার ঢাউস ব্যাগ হাতে এসে দাঁড়ালো গাড়ির সামনে। মেয়েটি ইতিমধ্যেই চোখে স্টাইলিশ নীল সানগ্লাস পরে মাঝের সাড়িতে জানলার ধরে বসে গিয়েছে। ছেলেটি সামনের সিটে ব্যাকপ্যাক রেখে একবার লুকিং গ্লাসের সামনে দাঁড়িয়ে উস্কো খুস্কো চুলগুলোকে ঠিক করার বৃথা চেষ্টা করলো। ঘুম ভেঙেছে আজ এত দেরিতে, স্নানের সময় পায়নি। কোনক্রমে জিন্স আর গ্রে পুল ওভারটা গায়ে দিয়েই বেড়িয়েছে। গাড়ির ভিতর উঠতেই মেয়েটি নিজের হ্যান্ডব্যাগ থেকে ওকে সানগ্লাসটা ধরিয়ে দিতে দিতে বলল, "পরে নে। রোদ লাগলে তো আবার মাইগ্রেনের ব্যথায় কাতরাবি।" ছেলেটি কৃতজ্ঞ চোখে মেয়েটির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, "থ্যাঙ্ক ইউ। তুই না থাকলে যে কী হত আমার?" মেয়েটি বলল, "থাক, হয়েছে। এবার যাওয়া যাক। অনেক লেট হয়ে গিয়েছে অলরেডি।" ছেলেটি উত্তর দিল, "চলো পানসি রুদ্রপ্রয়াগ। চলিয়ে ড্রাইভারসাব, নিকলতে হ্যায় ইয়াহা সে।" হাসি খুশি অল্পবয়সী ড্রাইভারটি "হাঁ ঠিক হ্যায় সাব" বলে গাড়ির ইঞ্জিনে স্টার্ট দিল। গাড়ির ম্যুজিক সিস্টেমে শুরু হল কিশোর লতার "কাঞ্চি রে কাঞ্চি রে"। লং ড্রাইভে, বিশেষ করে পাহাড়ি রাস্তায়, এইসব গান বড় ভাল লাগে ওদের। আধ খোলা জানলা দিয়ে ঠান্ডা হাওয়া এসে ধাক্কা মারছে মেয়েটির মুখে। ছেলেটির বোঝাই যাচ্ছে ঘুম পুরো হয়নি। ইতিমধ্যেই ঝিমোতে শুরু করে দিয়েছে। গাড়ি চলছে হরিদ্বার শহর ছাড়িয়ে, এখনও সমতল। সকালের নরম রোদ আর চারপাশের গাছপালা সাথে নিয়ে ওরাও চলেছে।
জানলার বাইরে দেখতে দেখতে বারবার মেয়েটির মনে পড়ে যাচ্ছিল বছর পনেরো-ষোলোর আগের কথা। বাবা মায়ের সাথে সেইবারে কেদার বদ্রী ঘুরতে এসেছিল। এইসব রাস্তা দিয়েই তো গিয়েছে। মায়ের পাহাড়ি রাস্তায় গাড়িতে উঠলেই বমি পেত। অ্যাভোমিন ছাড়া গতি নেই। তাও, মাঝে মাঝেই ব্রেক নিতো। বাবা যত্ন করে মায়ের চোখে মুখে জলের ঝাপটা দিত। তারপর আবার সফর চলত। এতগুলো বছর পর আবার এই একই রাস্তা দিয়ে যেতে ভালোই লাগছে। এবারে অবশ্য গন্তব্য আলাদা। রুদ্রপ্রয়াগ। ওখানেই দিন চারেক থেকে আবার হরিদ্বার হয়ে ফেরা। এর বেশি ছুটি পাওয়া যায়নি। দুজনেই নিজের নিজের কর্মক্ষেত্রে সাঙ্ঘাতিক ব্যস্ত। ছেলেটির দাদুর বাড়ি রুদ্রপ্রয়াগে। দাদু অনেকদিন ধরেই নাতি আর নাতবৌকে দেখবেন বলে আবদার করেছিলেন, তাই ছুটি নিয়ে এখানে আসা। কলকাতা থেকে হরিদ্বার আর হরিদ্বার থেকে কলকাতা ট্রেনে যাওয়া আসার আইডিয়াও মেয়েটির। মেয়েটি আদ্যোপান্ত নস্ট্যালজিক এবং রোম্যান্টিক প্রকৃতির। আর তাই ছোটবেলার শখ মেটাতে উপাসনা এক্সপ্রেসে এসেছে। ফার্স্ট এসি না থাকায় অবশ্য পুরো শখ মেটেনি। সাড়ে নটার দিকে বিয়াসি পৌঁছে রাস্তার ধারে একটা ধাবার সামনে গাড়ি থামালো ড্রাইভারজী। "ভাবী, চায় নাস্তা কর লিজিয়ে। আগে ঔর নেহি রুকেঙ্গে।" মেয়েটি ছেলেটিকে হাল্কা টোকা মেরে ঘুম থেকে তুলল। "কীরে কুম্ভকর্ণ"। ছেলেটি আধো ঘুম আধো জাগা হয়ে বিড়বিড় করল, "কী হল? এসে গেলাম?" মেয়েটি এবার "ওরে অগ্নি, ওঠ। ব্রেকফাস্ট করবি তো?" বলে অল্প খোঁচা দিল পিঠে। মেয়েটির কাঁধ থেকে মাথা তুলে চোখ কচলে একটা হাই তুলে অগ্নি এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করল, "কোথায় পৌঁছলাম? কী খাবার পাবো এখানে রুমুন?"  রুমুন হ্যান্ড ব্যাগটা নিয়ে নেমে বলল, "বিয়াসি। চল, দেখি। অ্যাট লিস্ট চা কফি তো পাবোই। আর কী খাওয়া যায় দেখি। তুই আলুর পরোটা খাবি নিশ্চয়ই পেলে?" আধ ঘন্টা পর চা-কফি-পরোটা দিয়ে ব্রেকফাস্ট সেরে ওরা রওনা দিল আবার। দাদুর বাড়ির উদ্দেশ্যে, রুদ্রপ্রয়াগ। এইবারে অগ্নির কাঁধে রুমুনের মাথা রেখে নিশ্চিন্ত ঘুমের পালা। মান অভিমান পর্বে সাময়িক বিরতি। রাস্তা ক্রমে চড়াই উতরাই হতে থাকে। দুই পাশে বড় বড় গাছ। রোদের তেজ বেড়েছে। তবুও হাল্কা শিরশিরানি ঠান্ডা আছে। নীল আকাশ। ঝকঝকে। মনোরম পরিবেশের মধ্যে দিয়ে ওদের গাড়ি চলতে থাকে। রেয়ার ভিউ মিরর দিয়ে মাঝে মাঝে ড্রাইভারজীর সাথে অগ্নির চোখাচুখি হলে দুজনের মধ্যে হাসি বিনিময় হয়। সাউন্ড সিস্টেমে এখনও পুরনো গান চলতে থাকে নিজের মতো। "হম দোনো, দো প্রেমী, দুনিয়া ছোড় চলে..."



২।

রুমুনের বরাবরের অভ্যেস সক্কাল সক্কাল উঠে পড়ার। বেড়াতে এসে তো আরোই তাই। সাড়ে পাঁচটায় ঘুম ভেঙ্গে গিয়েছে। বাইরে এখনও ভালোই অন্ধকার। মাথার কাছ থেকে ফোনটা হাতে নিয়ে দেখল, অনেকগুলো মেসেজ আর ইমেলের নোটিফিকেশন। মিনিট দশেক সেগুলোর ওপর চোখ বোলাল। বেশিরভাগই স্প্যাম বা অদরকারি। কয়েকটা কলেজের। কাজেরগুলো প্রথমেই "আনরেড" মার্ক করে রাখল। এইবারের বেড়ানোয় এইটাই ওর ইচ্ছে। অগ্নিকেও তাই বলেছে ও। এমারজেন্সি ছাড়া কাজের সঙ্গে সম্পর্ক থাকবে না কটাদিন। কাজের চাপে এমনিতেই  দুজনেই এখন খুব ব্যস্ত, চিঁড়েচ্যাপটা। হাঁপিয়ে উঠেছে দুজনেই। আগে ওদের ন'মাসে ছ'মাসে ঝগড়া হত, এখন হচ্ছে প্রায় রোজ। তুচ্ছাতিতুচ্ছ ব্যাপারে। সেইসব সমস্যার সমাধানের জন্যই মূলত এই চার পাঁচ দিনের ছুটিতে আসা। এটা নিয়েও তো কম অসুবিধে হয়নি। ডিসেম্বরে সেমেস্টারের শেষে যখন ওর কাজের চাপ একটু কম, তখন অগ্নির অফিসে কাজের পাহাড়। ওর ছুটি পাওয়ার সম্ভাবনা এই ফেব্রুয়ারির শুরুর দিকে। তখন আবার রুমুনের সেমিস্টার তুঙ্গে। তবুও অনেক বলে কয়ে আগে এক্সট্রা ক্লাস নিয়ে কলিগদের ম্যানেজ করে ছুটি নিয়েছে ও। এই আশায় যে রোজের অভ্যেস থেকে দূরে এলে হয়তো সম্পর্কটা পুরনো চার্ম ফিরে পাবে। চার বছরের কোর্টশিপের পর দেড় বছরের দাম্পত্যেই ইতিমধ্যে এসেছে অদ্ভুত স্থিতাবস্থা। সব কিছু কেমন একঘেয়ে, সামান্য পান থেকে চুন খসলেই কথা কাটাকাটি। রুমুন খুব চেষ্টা করছে নিজেকে ঠিক রাখার, মাথা গরম না করার। এক কালে অগ্নির যে অভ্যেসগুলো ভীষণ ভালো লাগত, সেইগুলিই এখন দুই চোখের বিষ লাগে। তবুও নিজেকে সংযত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনো পারছে, কখনো না। এই তো, সেদিন হাওড়া থেকে যে ট্রেনে উঠল, ঠিক শেষ মুহূর্তে অফিস ছুটতে হয়েছিল অগ্নিকে। রুমুনকে, "তুই লাগেজ নিয়ে স্টেশন চলে যা, আমি সময় মত পৌঁছে যাব" বলে ও সেই সক্কাল সক্কাল বেরোল। একটায় ট্রেন। দৌড়তে দৌড়তে অগ্নি পৌঁছল ঠিক একটা বাজতে দশ মিনিটে। রুমুনের ততক্ষণে প্যানিক অ্যাটাক আসার জোগাড়। বারবার ফোনে, "হ্যাঁ এই আসছি" শুনছে ও, এদিকে ঘড়ির কাঁটা লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে। অগ্নির দেখা নেই। তাহলে কি শেষ মুহূর্তে ট্রেন মিস করবে অগ্নি? ও এসে না পৌঁছলে রুমুন কী করবে? একা একা চলে যাবে? এত সোজা? এ কি জীবন নাকি সেলুলয়েড? যখন অগ্নি এসে পৌঁছল, রুমুন ওকে দেখে নিশ্চিন্ত হল বটে, কিন্তু এবারে রাগ শুরু হল। যতই অগ্নি "সরি, খুব জ্যাম ছিল ব্রেবোরন রোডে", "আমি কিন্তু ঠিক সময়েই বেরিয়েছিলাম, ওলার বুকিং দেখ" ইত্যাদি বলে ওর রাগ ভাঙ্গানোর চেষ্টা করুক, রুমুন সারাদিন আর কথাই বলেনি ওর সাথে। মায়ের প্যাক করে দেওয়া সুস্বাদু লাঞ্চ অগ্নিই বেশ তরিবৎ করে সারভ করে দিল রুমুনকে। রুমুনের ফেভারিট সব আইটেম। এমন কী, কেচাপ দিয়ে স্মাইলিও এঁকে দিল ও। তবুও রুমুনের মুখে কথা নেই। মাঝে মাঝে কেন যে এমন করে? অগ্নি বুঝে উঠেতে পারে না। এত মুড সুইং?
এবারে ট্রেনে ওরা দুজনে পেয়েছে ওপর নিচের সাইড লোয়ার আপার সিট। আপাতত দুজনেই লোয়ার বার্থে মুখোমুখি বসে। দুজনের হাতে দুটো বই। মাঝে মাঝে জানলা দিয়ে বদলে যাওয়া প্রাকৃতিক দৃশ্য দেখা। স্টেশন, প্ল্যাটফর্ম, পুকুর, মাঠ, গ্রাম, চাষ জমি। সন্ধ্যের পর অবশেষে রুমুনের অভিমান পর্ব মিটল। নিজের থেকে? নাকি বারবার অগ্নির দিক থেকে চেষ্টা দেখে এই গলে যাওয়া? যাই কারণ হোক, শেষমেশ এতে দুজনেই খুশি। এতক্ষণ মোটেই কারুর ভালোই লাগছিল না। আগামী কটাদিনের ছুটি খুব ভালো করে কাটাতে হবে। সেই সবের কথাবার্তা আলোচনা করতে করতে রাত হল।
হরিদ্বারে ওরা ছিল আধ বেলা মতো। তারই মধ্যে দুজনে গঙ্গার ঘাটে  বসে অনেকটা সময় কাটালো। এ কথা সে কথা, স্মৃতি রোমন্থন করতে করতে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যে। হর-কি-পউরিতে গঙ্গারতি, পাতার নৌকোয় দেবাঞ্জলি ভাসানো, দিব্যি কাটল। দুজনেই খুশি। রুমুন ভাবল, বুঝি বেড়ানো কাজে দিচ্ছে। পরিবেশ বদলে ব্যবহার বদল, ভালোর দিকে। ও মা, সব আশায় জল ঢেলে আবার তো কাল সকালে দেরি হওয়া নিয়ে আরেক প্রস্থ ঝগড়া হল দুজনের। আসলে অগ্নি রাত জেগে বই পড়ছিল। রুমুন বারবার মনে করিয়েছে, পরেরদিন সক্কাল সক্কাল উঠতে হবে। তাও শোনেনি। অবধারিত পরেরদিন লেট। বিয়াসী পৌঁছনো অবধি তো কথাই বলেনি রুমুন অগ্নির সাথে। তারপর কখন যে অবশ্য অগ্নিরই কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, ঘুম ভেঙ্গেছে একেবারে রুদ্রপ্রয়াগ পৌঁছে। ওই অপূর্ব পরিবেশে মনের সব ক্লান্তি ও গ্লানি উধাও। রুমুন জানে, ওদের এই ওঠাপড়াগুলো খুবই সাময়িক। এবং অনেকটাই সাইন কার্ভের মতোই পিরিয়ডিক। দুজনকেই যত্ন করে সম্পর্কটাকে বাঁচাতে হবে। শুরুর দিকের ঝড়ঝাপটাগুলোর স্মৃতি যে এখনও টাটকা।
ভাবনাচিন্তাগুলো মনটাকে বড্ড এলোমেলো করে দেয়। জানলার বাইরে তাকিয়ে রুমুন দেখল, আলো ফুটতে শুরু করেছে। চটপট লেপের ভিতর থেকে বেরিয়ে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিলো ও। একটু হাঁটতে বেরোবে। কাল দাদুর থেকে রাস্তাঘাটের ডিরেকশন জেনে নিয়েছে। দুই নদীর সঙ্গমের দিকেই যাওয়ার ইচ্ছে। ভেবেছিল অগ্নিকে নিয়ে বেরোবে, কিন্তু ওর দিকে তাকিয়ে বড্ড মায়া হল। ঘুমোতে এত ভালোবাসে। একদম বাচ্চাদের মতো কুঁকড়ে শুয়ে আছে। লেপটা ওর গায়ে আরো একবার ভালো করে টেনে দিয়ে কপালে আলতো চুমু খেয়ে রুমুন বেরোল। ওর স্পর্শে যেন অগ্নি আরো আয়েশ করে শুল। দাদুর ঘরের সামনে থেকে যখন যাচ্ছিল, আবছা গানের সুর ভেসে আসছিল সেখান থেকে। বোধহয় রেডিও। শুনতে পেল, "ভোর ভয়ে পনঘট পে / মোহে নটখট শ্যাম সতায়ে / মোরি চুনরিয়া লিপটি যায় / ম্যায় ক্যা করু হায়ে রাম হায়..."

৩।

দাদুর বাড়িটা জোশিমঠ রোডের ওপর। একদম বিড়লা গেস্ট হাউজের গায়েই বলা চলে। বাগান থেকে অদূরে নদীর সঙ্গম দেখা যায়। একদিকে অলকানন্দা, অন্যদিকে মন্দাকিনী। অপূর্ব এই সমাগম দৃশ্য। দুই নদীর দুই বিশিষ্ট রঙ মিলে মিশে এক হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে। সেই আদি অনন্তকাল থেকে। এদিকে বাড়ির বাগানের ফুলগুলি ফুটে এক রঙিন পরিবেশ সৃষ্টি করেছে। গোলাপ, ডালিয়া, কসমস, জিনিয়া, গাঁদা - রং বাহারি সৌন্দর্য। সকালের টাটকা বাতাসের ঘ্রাণ নিয়ে রুমুন চলতে লাগল সঙ্গমের দিকে। দশ মিনিটে পৌঁছেও গেল। সূর্য উঠে গিয়েছে ইতিমধ্যেই। মন্দাকিনীর পার বরাবর পাঁচ বছর আগে যে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছিল বন্যায়, তার চিহ্ন এদিক ওদিকে বর্তমান। বেশ এখনও বোঝা যায়। রুমুনের মনে পড়ে সেই যে ছোটবেলায় যখন এসেছিল, তখনের রুদ্রপ্রয়াগ আর আজকের রুদ্রপ্রয়াগে কত পার্থক্য। কত পরিবর্তন। সত্যিই, পরিবর্তনই তো ধর্ম। এই এতগুলো বছরে কি ওর নিজের মধ্যে পরিবর্তন আসেনি? মানুষ হিসেবে অনেকটা পরিণত হয়নি? প্রকৃতির তো বদল ঘটবেই। নদীর ওপর দিয়ে যে ছোট্ট পায়ে চলার সাঁকোটা ছিল, সেটাও  আর নেই। নারদ শিলাটিও বন্যার পর হারিয়ে গিয়েছে। জীবন থেকে বহু মানুষের মতোই। এইসব নানান এলোমেলো চিন্তাভাবনার মধ্যেই ছিল ও। এমন সময়ে কানে ভেসে এলো বাংলায় কথাবার্তার টুকরো। এদিক ওদিক তাকিয়ে রুমুন দেখল, পাঁচজনের একটা ছোট দল। বাবা, মা, দাদু, ঠাকুমা বা দিদিমা আর বছর নয় দশের এক ছেলে। ছেলেটি কিছুতেই মাঙ্কি ক্যাপ পরবে না। আর মাও ছাড়বে না। এই বয়সের এক্কেবারে চিরপরিচিত সংগ্রাম। ওদের সাথে চোখাচুখি হতে রুমুন হাসল। "বাঙালি"? জিজ্ঞেস করলেন বাচ্চাটির বাবা। "হ্যাঁ", হেসে উত্তর দিল রুমুন। "কেদার না বদ্রী?" জিজ্ঞেস করলেন উনি। "আপাতত এবারে শুধুই রুদ্রপ্রয়াগ।" রুমুন বলল। ও জানে কথা আরও চলবে। কিন্তু এই মুহূর্তে ওর একদম ইচ্ছে করছিল না। আগেভাগেই তাই "আচ্ছা আমি একটু ওদিকটা যাই" বলে সরে গেল।
এইদিকটা একটু ভিড় কম। অলকানন্দার দিকে। দূরে হলেও সঙ্গম স্থল দেখা যাচ্ছে। ক্রমশ ভিড় বাড়ছে ওখানে। অনেকেই ঘাটে বসে পুজো করছে। আস্তে আস্তে ছোট ছোট দোকানগুলি খুলছে। খানিকক্ষণ বসে এদিক ওদিক দেখতে দেখতে রুমুনের একটু চা তেষ্টা পেল। এই ঠান্ডায় গরম এক কাপ চা হলে মন্দ হয় না। পিঠে একটা হাল্কা টোকা পেয়ে রুমুন মুখ তুলে তাকালো। "কখন এলে দিদিভাই?" সদা হাসি খুশি দাদু। কখন এলো দাদু এখানে? "এই তো এই ঘন্টাখানেক হবে প্রায়", রুমুন কবজি ঘুরিয়ে ঘড়ি দেখে বলল। "তুমি?"
দাদু হেসে বলল, "আমি এই এখন এলাম। আরো আগে আসতাম। তবে বড্ড ঠাণ্ডা তো, তাই ভোরের দিকে এক্কেবারে বেরোইনি।"
"হ্যাঁ, আমি যখন এলাম, সূর্য ওঠেনি। বেশ ঠাণ্ডা ছিল।"
" চা খাবে নাকি দিদিভাই?"
"হ্যাঁ, চলো। আমিও ভাবছিলামই তাই।"
"চলো তাহলে। আমি যেখানে রোজ যাই, সেইদিকে এসো।"
রুমুন আর দাদু হাঁটতে থাকে পাশাপাশি। দাদুর বয়স আশি ছাড়িয়েছে। অথচ এখনও কী ঋজু চেহারা। শরীরে এতটুকুও বার্ধক্যের ছাপ নেই। ঠিক যেন সিনেমার এভারগ্রিন হিরো। একটা গাঢ় নীল ট্র্যাকপ্যান্ট, মোটা খয়েরি পুল ওভার, লাল মাফলার, কালো টুপি, চোখে রিমলেস কেতাদুরস্ত চশমা। এই বয়সেও কী স্টাইলিশ দাদু। রুমুন মুগ্ধ হয়ে দেখতে থাকে দাদুকে, হাতে চায়ের কাপ নিয়ে। ওরা মিনিট দশেক হাঁটার পর এসে পৌঁছেছে মঙ্গল সিং এর চায়ের দোকানে। ছোট্ট একটা ঝুপড়ি। কাঠের দুটো বেঞ্চি পাতা। কালো হয়ে আসা কেটলিতে গরম হচ্ছে চা। কাঠের আঁচে। ওরা ছাড়া আর এক দুজন মাঝে মাঝে এসে চা নিয়ে যাচ্ছে ফ্লাস্কে। তারা বেশিরভাগই আশেপাশের দোকানদার। গরম চায়ের গ্লাস হাতে নিয়ে আয়েশ করে এক চুমুক দিয়ে রুমুন বলল, " দাদু, তুমি এই বয়সেও কী হ্যান্ডসাম গো!"
"এই বয়স আবার কী? আমার বয়স কত জানো?"
"এইট্টি প্লাস। মামণিই তো অলমোস্ট সিক্সটি।"
"এইট্টি থ্রি টু বি প্রিসাইস। আই আম আ ইয়ং ম্যান অফ এইট্টি থ্রি।" রুমুন লক্ষ্য করল, হাসলে দাদুর চোখের কোণ কুঁচকে যায়। তাতে যেন আরো সুন্দর দেখায় দাদুকে।
"হুম, সে তো আমি জানি। দিম্মা নিশ্চয়ই তোমার এই হ্যান্ডসাম লুক দেখেই বোল্ড আউট হয়েছিল?" দাদু উত্তরে কিছু বলল না। বরং একটু যেন অন্যমনস্ক হয়ে এদিক ওদিক তাকিয়ে রইল।
"কী গো? বলো?" রুমুনের গলার স্বরে বোঝা যায়, বেশ একটা গল্পের আমেজ এসেছে।

দাদু এইবারে পকেট থেকে কালো মানিব্যাগটা বের করলো। খুলে সেখান থেকে একটা ছোট ছবি হাতে নিলো। সাদা কালো। বহু বছরের পুরনো। হলুদ হয়ে আসা। সযত্নে সেটি দাদু রুমুনের দিকে এগিয়ে দিয়ে বলল, " এই দেখো দিদিভাই। আমাদের ফার্স্ট অ্যানিভারসারির দিন স্টুডিয়োতে গিয়ে তোলা।" রুমুন "দেখি দেখি" বলে হাতে নিলো ছবিটা। অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল ছবিটার দিকে একদৃষ্টে। তারপর একবার দাদুর দিকে, একবার আবার ছবির দিকে তাকিয়ে বলল, "তোমায় তো চেনাই যাচ্ছেনা দাদু। কী হ্যান্ডসাম। ঠিক যেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর দিম্মা ওয়াজ সো প্রিটি, ঠিক যেন সুচিত্রা সেন। ওয়াও।" দাদুর চোখ চিকচিক করে উঠল। বলল, "এখনও মনে আছে জানো দিদিভাই এই দিনটার কথা। তখন আমি কলকাতায় থাকি। নতুন চাকরি। সারাদিন অনেক খাটুনি। তোমার দিম্মাকে একা ঘর সংসার সামলাতে হয়। এই সময়টা প্রচণ্ড স্ট্রাগল করেছি। দেশের বাড়িতে টাকা পাঠাতে হত। কলকাতার ভাড়া বাড়ির খরচাও নেহাত কম ছিল না। যত সম্ভব ওভার টাইম করেছি। তোমার দিম্মা কোনদিনও কমপ্লেন করেনি। আমার খুব খারাপ লাগত। খুব খারাপ লাগত। চেষ্টা করতাম উইক্লি অফের দিন বেরোতে। পায়ে হেঁটে বাসে ট্রামে কত হেঁটেছি, ঘুরেছি। ভিক্টোরিয়া,ময়দান, সাহেব পাড়া। বোর্ন অ্যান্ড শেপারডের সামনে দিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়েছি। ব্ল্যাক অ্যান্ড ওয়াইট ছবি দেখেছি হাঁ করে। দুজনেই। চোখে এক রাশ মুগ্ধতা। সেরকমই একদিন আমি ঠিক করেছিলাম, রেণুকে নিয়ে আমাদের প্রথম অ্যানিভারসারিতে স্টুডিয়ো গিয়ে আমাদের ছবি তোলাব।"
"ও, দ্যাট ইস সো রোম্যান্টিক দাদু।" রুমুন বলল।
"শুধু তাই নয় দিদিভাই। গোটা ব্যাপারটাই ওয়াজ আ সারপ্রাইজ।"
"দিম্মা নিশ্চয়ই দারুণ খুশি হয়েছিল?"
"তা তো হবেই। আনন্দে আবেগে আত্মহারা।"
"আর এই জন্যই ছবিটা এত সুন্দর। তাই না?"
"জানো দিদিভাই, আমি প্রতি বছর বিবাহবার্ষিকীতে স্টুডিয়ো গিয়ে ছবি তুলিয়েছি দুজনের। বেড়াতে গিয়েও সব সময় ছবি তুলিয়েছি। তোমার শাশুড়ি, মামা শ্বশুর তাদের জন্মের পরেও এই নিয়মের কোন ব্যতিক্রম হয়নি। ইভেন যে বছর তোমার দিম্মা চলে গেল, সেইবারেও। ও তখন ভালো মতোই অসুস্থ। তবুও বাড়িতে ক্যামেরাম্যান ডেকে ফটো তুলিয়েছি। বাড়ি চলো, তোমায় অ্যালবাম দেখাবও। আমি মাঝে মাঝেই ওগুলো খুলে বসি। যেদিন যেদিন রেণুর জন্য ভীষণ বেশি মন খারাপ লাগে, মাঝরাত্রে ঘুম ভেঙ্গে যায় ওকে স্বপ্নে দেখে... বা কোন কোন অলস দুপুরে হঠাৎ কোন বই পড়তে গিয়ে ওর পেজমার্ক দিয়ে রাখা কোন পাতায় পৌঁছে, বা কোন গান শুনতে শুনতে। তোমার দিম্মার গানের গলা অসামান্য ছিল, জানো তো? বিয়ের পরে নিয়মিত আমায় শোনাত।একটা হারমোনিয়াম নিয়ে এসেছিল বাপের বাড়ি থেকে। ওর খুব প্রিয় ছিল। রোজ ওটাকে বের করত বাক্স থেকে। গুনগুন করত। রেওয়াজ করত। ছেলে মেয়ে দুটোকেও ছোটবেলায় ওই তো গান শিখিয়েছিল। শাশুড়ি মায়ের গান শুনেছ?"
রুমুন মাথা নেড়ে হ্যাঁ জানায়। মামণির গানের ফ্যান ও।
"ও তো মায়ের কাছেই গান শিখেছে। রেণু বলত। সোহিনীর গানের গলা ভালো। মা মেয়ে দুজনে মাঝে মাঝেই গানের আসর বসাত। তখন আমার চাকরি বদলেছে। জীবনে এসেছে স্বচ্ছলতা, সাথে অনেকটা আরাম। দেশের বাড়ির দায়িত্ব চলে গিয়েছে। ওই সময়টা আমরা খুব বেড়াতাম। আর যে কোন জায়গায় গেলেই গান হত। মনে আছে সে বছর গ্রীষ্মের ছুটিতে আমরা চারজন রুদ্রপ্রয়াগেই এসেছি। তখন রাস্তাঘাট মোটেই এত ভালো ছিল না। দুর্গম। কেদার বদ্রী যাব। পূর্ণিমার রাত। নদীর সঙ্গমে চাঁদের আলো ঠিকরে পড়ছে। রেণু আর সোহিনী গান ধরল। একটার পর একটা। 'এই লভিনু সঙ্গ তব', 'চাঁদের হাসির বাঁধ ভেঙেছে', আরো কত। এইসব গান শুনলে এখনো রেণুর জন্য খুব মন কেমন করে। তখন বসে বসে পুরোনো ছবিগুলো দেখি। আমায় কীরকম ফাঁকি দিয়ে চলে গেল দেখো?"
রুমুন চোখ বোজে। চোখের সামনে যেন দেখতে পায় সাদা কালো ছবির থেকে উঠে আসা এভারগ্রিন দাদু দিম্মাকে। একটা প্রাণোচ্ছ্বল জীবন। সাংসারিক সুবিধা অসুবিধা দায় দায়িত্ব। সব আছে। কিন্তু কোথাও যেন তার মধ্যে রয়েছে অনেকটা হাসি, আনন্দ। ও নিজের আর অগ্নির এমন ছবি ভাবার চেষ্টা করে। সেই কোর্টশিপের সময় মনে পড়ে। আর তারপর হানিমুনে লাদাখ। তারপর? তারপর আর ছবি কই? মুহূর্ত কই? এত ব্যস্ততা? এত কাজ? দুজনের সময় কই? না হয় হিল্লি দিল্লি হলো না। কিন্তু নিজেদের যা আছে যেটুকু, সেটুকুও কি ওরা লালন পালন করছে?
"দিম্মাকে খুব মিস করো, না?" রুমুন জিজ্ঞেস করে।
"খুউব। ফিফটি ফাইভ ইয়ার্স অফ টুগেদারনেস। আর তারপর ওই যে আমায় ঠিক ফাঁকি দিয়ে চলে গেল। ভেবেছিল আমিও বোধহয় সাথে যাবো। রেণু  বুঝলই না। আমার এখনও অনেক বাঁচা বাকি। কত জায়গা ঘুরতে হবে বলো তো দিদিভাই?"
"তাই না তাই? তুমি তো আমার ইয়ং ম্যান। এসো দেখি একটা সেলফি তুলে ইন্সটাতে দেবো। স্টার্টিং এ ব্র্যান্ড নিউ ডে উইথ মাই এভারগ্রিন হিরো।" রুমুন মোবাইলের সেলফি মোড অন করতে করতে বলে। ছবি তোলা হয়ে গেলে দাদু এবার কাঁধের ঝোলা ব্যাগটা থেকে একটা ফ্রেমবন্দী ছবি বের করে দেখায়  রুমুনকে। রঙিন ছবি। দিম্মার একার। এক মাথা ধবধবে সাদা চুল। খোঁপা করা। সাদা শাড়ি লাল পাড়। একই লাল সাদা ব্লাউজ। কপালে এত্ত বড় সিঁদুরের টিপ। মুখে হাসিটি অমলিন। "এটা রেণুর শেষ ছবি। তখন চরম অসুস্থ। তবুও ছবি তোলার নামে দেখো, কী সুন্দর হেসেছে। ভারী ফটোজেনিক ছিল কিন্তু। কে বলবে দেখে যে তখন অতো কড়া কড়া ওষুধ চলছে? এই ছবিটা নিয়ে ঘুরি সব সময়। এদিক ওদিক যেখানেই যাই না কেন। সাথে থাকে। ভিউ পয়েন্টে গিয়ে ওর ছবি বের করে দুজনে বসে প্রকৃতি দেখি। ওর বেড়ানোর খুব শখ ছিল জানো। চাকরি সূত্রে যখন এই কাছের শ্রীনগরে পোস্টিং পাই, তখন থেকেই বলে রেখেছিল। রিটায়ার করার পর আমরা রুদ্রপ্রয়াগে থাকব। আসলে ও পাহাড় খুব ভালবাসত। রুদ্রপ্রয়াগকে ও খুব ভালোবাসতো। বন্যার পর ওর ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। শহরটার এই তছনছ অবস্থা দেখতে পারতো না। তবে পুরোপুরি জায়গাটার গুছিয়ে ওঠার আগেই তো ও চলে গেল। এখনও কোন নতুন জায়গায় গেলে ওকে খুব মিস করি। ওর উইশলিস্টের প্রায় সব  জায়গায় গিয়েছি। শুধু বাদ গিয়েছে সুইজারল্যান্ড। যখন বয়স ছিল, সামর্থ্য ছিল না। পরে সামর্থ্য হল। কিন্তু নানান কারণে যাওয়া হয়ে উঠল না আর। এটাই আক্ষেপ জানো?"
রুমুন চুপ করে শুনছে। কী অসম্ভব ভালোবাসা। এত বছরের সাহচর্য, সঙ্গদান, বন্ধুত্ব, সম্পর্ক। আর এই ওরা দুজন। শুধুই নিজস্ব গোলস আর অ্যাম্বিশনসের পিছনে ছুটছে। কী লাভ হচ্ছে? দিনগুলো কেটে যাচ্ছে। কিন্তু মুহূর্ত তৈরি হচ্ছে কি? পরবর্তী প্রজন্মকে কী গল্প বলবে?
"একী দিদিভাই, কাঁদছ নাকি?" দাদুর কথায় সম্বিত ফেরে রুমুনের। কখন যে দাদু-দিম্মার গল্প শুনতে শুনতে একাত্ম হয়ে ওর দুই চোখ ছাপিয়ে জল গড়াতে শুরু করেছে, ও খেয়ালই করেনি।
"না, কিছু না দাদু। চলো এবারে ফেরা যাক। ব্রেকফাস্ট করে তোমার অ্যাল্বামগুলো দেখবো। বলো কী খেতে চাও আজ?"
" সে চলো। কিন্তু প্রসঙ্গ পাল্টিয়ো না দিদিভাই। দাদুভাইয়ের এগেন্সটে এনি কমপ্লেন্ট?"
"না না তা না দাদু।"
"উহু। আমার অভিজ্ঞ চোখ দিদিভাই। তোমাদের দুজনের এই অধ্যায়ে যে কেমিস্ট্রি থাকার কথা, তা আমি মোটেই দেখছি না। এমন তো হতে দেওয়া যায় না। আমার নাতি হয়ে দাদুভাই এরকম করবে, অমার্জনীয়। যা বুঝছি, ছেলেকে একটু শেখাতে টেখাতে হবে। ছোটি সি বাত সিনেমাটা দেখেছো?"
"হ্যাঁ। গানগুলো বড্ড সুন্দর।"
"হুম। ওখানে অশোক কুমারের রোলটা মনে হচ্ছে আমায় প্লে করতে হবে তোমার অমল পালেকরের জন্য। চিন্তা করো না দিদিভাই। আমি সব ঠিক করে দেবো। তা তুমি ব্রেকফাস্ট বানাবে বলছিলে না? একটু চিড়ের পোলাও বানিয়ে দেবে? ভানু সিং একদম পারে না ওটা। এদিকে তোমার দিম্মার এক্সপারটিজ ছিল ওতে। দেখি তুমি পারো কি না।"


৪।


ব্রেকফাস্টের পর অনেকটা সময় জুড়ে দাদুর কাছে বাগানে বসে অগ্নি আর রুমুন পুরনো অ্যাল্বামগুলো দেখল। আরো কত স্মৃতিচারণা। কথা বলতে বলতে দাদু যেন বারবার সেই চল্লিশ পঞ্চাশ বছর আগে পৌঁছে যাচ্ছিল। ওদের মনে হচ্ছিল, ঠিক যেন বড় পর্দায় বসে কোন সিনেমা দেখছে। ভালোবাসার গল্প।
বারোটার দিকে আকাশ কালো করে এলো। "দাদুভাই, বৃষ্টি নামবে মনে হচ্ছে। ঠাণ্ডা হাওয়া দিচ্ছে। চলো ভিতরে যাওয়া যাক" বলে দাদু অ্যালবামগুলো তুলে বাগান থেকে ঘরের দিকে উঠে গেল। অগ্নি দেখল, রুমুন কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে।
"কীরে চল? বসে থাকবি? ভিতরে চল। এক্ষুণি তো ঠাণ্ডা লাগাবি আর হাঁচি কাশি শুরু হবে।" রুমুনের কাঁধে আলতো করে হাত রেখে অগ্নি জিজ্ঞেস করে। রুমুন যেন ঠিক এই স্পর্শের জন্যই আকুল হয়ে বসেছিল। ডান হাতটা দিয়ে অগ্নির হাতটা আঁকড়ে ধরে মাথা কাত করে ওর দিকে তাকালো। তাকিয়েই রইল। কোন কথা নেই।
"কী রে? কী বলবি?" অগ্নি আবারও জিজ্ঞেস করে।
"অগ্নি, আমি জানি, আমার মধ্যে অনেক ইম্পারফেকশন। আই অ্যাম অ্যা ব্যাগেজ অফ ইমোশনস। তাও, কথা দে কোনদিনও আমায় ছেড়ে চলে যাবি না।" আস্তে আস্তে রুমুন কথাগুলো বলে।
"অ্যাঁ? কী হয়েছে টা কী? এ আবার কেমন কথা? কীসব জিজ্ঞেস করছিস রুমুন?" অগ্নি অবাক হয়ে বলে।
"না তুই প্লিজ আমায় কথা দে।" রুমুনের গলায় আর্তি যেন ভীষণভাবে প্রকট।
অগ্নি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, " এ তো কবেই প্রমিস করেছি। আজ আবার নতুন করে কেন?"
"তুই দাদুর কাছে বসে কখনও দিম্মার কথা শুনেছিস?" রুমুন জিগেগস করে।
"সেরকমভাবে না। ওই টুকটাক। কেন?" অগ্নি বলে।
"আমি শুনেছি। আজ সকাল থেকে শুনেছি। অ্যান্ড দ্যাট গট মি থিঙ্কিং।" রুমুন বলতে থাকে। "দে হ্যাড দেয়ার শেয়ারস অফ রেস্পন্সিবিলিটিজ। তাও দেখ, দে হ্যাড আ লাইফ। আ হ্যাপি ওয়ান। আমরা তাহলে কেন পারছি না বল তো?"
"আমরা হ্যাপি নই?" অগ্নি একটু অবাক হয়েই প্রশ্ন করে।
"আর উই?" রুমুনের পাল্টা প্রশ্ন।
"অফ কোর্স উই আর। দিনের মধ্যে চৌদ্দবার ইন্সট্যা আর ফেসবুকে দশটা পোস্ট দিইনা, পি ডি এ করিনা, কিন্তু তা বলে কি আমাদের ভালোবাসায় কমতি আছে নাকি? অগ্নি রুমুনকে আশ্বস্ত করার চেষ্টা করে। পরিস্থিতি হাল্কা করতে ও রুমুনের খুব পছন্দের একটা গান ধরে, "ধূপ লগে যাহা তুঝে ছায়া বনু, আজা সজনা..."
কাঁপা স্বরে রুমুন বলে, "এক সাথে বুড়ো-বুড়ি হবো তো আমরা? আমায় ছেড়ে চলে যাবি না তো?"
"ধুর পাগলী। তোর হলোটা কী? ছেড়ে যাবো কোন দুঃখে? ইউ আর দ্য বেস্ট দ্যাট হ্যাপেন্ড টু মি। সাত জন্মের জন্য তো এগ্রিমেন্ট হয়েই আছে। ভাবছি এক্সটেন্ড করিয়ে নেবো সেটার।" হাওয়ায় ওর রুমুনের ফুরফুরে চুলগুলোকে ঘেঁটে দিয়ে বলে অগ্নি।
"প্রমিস?" রুমুন ঠোঁট ফুলিয়ে জিজ্ঞেস করে।
"গড প্রমিস। দাঁড়া তোকে একটা জিনিস তাহলে দেখাই। ভেবেছিলাম ওটা আমার সিক্রেট। তবে আজ মনে হচ্ছে দেখাতেই হবে।" এই বলে অগ্নি ওর ট্যাবে কিছু খুটখাট শুরু করল। রুমুন কৌতূহলী হয়ে প্রশ্ন করে, "কী?"
"দাঁড়া, দেখাচ্ছি। আমার গাইডলাইন্স।" এরপর ট্যাবে একটা এক্সেল শিট বের করে রুমুনের দিকে দিয়ে বলে, "এই নে। পড়।"
রুমুন ট্যাবটা হাতে নেয়। দেখে লেখা, "আওয়ার গোলস"। এবং সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বছর ভিত্তিক কবে কোথায় যাবে, বেড়াবে, বাড়ি কিনবে, গাড়ি কিনবে, ইনশিয়োরেন্স, সবের ফর্দ, তালিকা।অগ্নি খুব গুছিয়ে কাজ করে, রুমুন জানে। কিন্তু তা বলে এতটা ভাবতে পারেনি। ও বেশ অবাক হয়েই তাই জিজ্ঞেস করে, "এটা একজ্যাক্টলি কী?"

"এটা আমাদের আগামী দিনগুলোর জন্য একটা রাফ রোড ম্যাপ।যদিও ফাইনাল না, তবুও এটাকেই গাইডলাইন মেনে চলছি, চলব।" অগ্নি বলে।
"এবার একটু কপট রাগতস্বরে রুমুন বলে, "আওয়ার, এদিকে আমায় একবারও কন্সাল্ট করিসনি তো?"
অগ্নির ঝটপট উত্তর আসে, যেন তৈরিই ছিল এই প্রশ্নের জন্য। "ওই যে, নীচে দেখ। লেখা আছে, টারমস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড। ওটাই এটাকে হ্যান্ডল করবে। তোর পরামর্শ ছাড়া কিছু হয় নাকি রে? এটা ওই যে বললাম, রাফ ড্রাফট।" অগ্নি হাসে। রুমুনও এইবারে বলে, "তাহলে এক লাইনে সামারাইজ কর।"
"উফ, প্রফেসর ম্যাডাম, এটা তোর ক্লাসরুম নাকি? সামারাইজ কর! কী দাবী!" মজার ছলে অগ্নি বলে।
"শোন, বিয়ের পর বরদের স্ট্যাটাস হতে হয় বউয়ের ওবিডিয়েন্ট স্টুডেন্ট। নইলে... " চোখ পাকায় রুমুন।
অগ্নিও দুই কানে হাত দিয়ে বলে, "আচ্ছা বাবা ঠিক আছে। বলছি। টু সামারাইজ, লেট মি গেট ডাউন অন মাই নীজ অ্যান্ড আস্ক, মিসেস সেন, উইল ইউ লেট দিস অধম গ্রো ওল্ড উইথ ইউ?"
রুমুন খানিক তাকিয়ে থাকে ওর দিকে। কিছু বলতে পারে না। তারপর জড়িয়ে ধরে অগ্নির বুকে মুখ গুঁজে দেয়। আর তখনই আকাশ ভেঙ্গে নামে বৃষ্টি। প্রেমধারা।


৫।

মাস তিনেক পরের ঘটনা। দুটো স্ট্রলি আর কাঁধে ঢাউস ব্যাগ নিয়ে এয়ারপোর্টের এন্ট্র্যান্সের বাইরে দাঁড়িয়ে রুমুন। পরনে লাল সাদা ঢাকাই শাড়ি। শ্যাম্পু করা চুল যত্ন করে খোঁপায় বাঁধা, তাতে আবার জুঁই ফুলের মালা লাগানো, দুই চোখে মোটা করে কাজল পরা, কপালে এই এত্ত বড় সিঁদুরের টিপ। দুই হাতে শাঁখা পলা আর সরু সোনার চুরি চারগাছা পরে এক্কেবারে বাঙালি বউ লাগছে। বার বার বাঁ হাত ঘুড়িয়ে ঘড়ি দেখছে। ভুরু কিঞ্চিত কুঁচকে গিয়েছে। এইবারে ব্যাগ থেকে মোবাইল বের করে ডায়াল করল অগ্নির নম্বরে।
"ওরে, কতদূর পৌঁছলি? আজকেও লেট করবি নাকি? প্লিজ, এটা ইন্টারন্যাশ্নাল ফ্লাইট। উপাসনা এক্সপ্রেস না। ফ্লাইট মিস করলে কিন্তু আমি জানি না।" উত্তেজিত রুমুন এক নাগাড়ে বলতে থাকে। অপরদিকে অগ্নি হেসে বলল, "আরে রিল্যাক্স বাবা, রিল্যাক্স। আমি আসছি। অলমোস্ট দেয়ার। ডিপারচারের রাস্তায় উঠে পড়েছি।"
"বড্ড জ্বালাস জানিস তো তুই? জানিস আমি প্যানিক করি। তাও এরকম করেই যাবি।" রুমুন একটু দুখী গলায় বললেই অগ্নি গলে যায়। "এই সরি সরি। দাঁড়া, ব্যাগে চকলেট এনেছি। গিয়েই দিচ্ছি। এবার তো ক্ষমা কর।"
রুমুন হাসতে হাসতে বলে, "শোন, মা সহ্য করেছে। বউ কিন্তু সহ্য করবে না। এই বলে দিলাম।" ফোনের উল্টোদিক থেকে অগ্নিরও হাসির রোল শোনা যায়। প্রাণখোলা এই হাসি।

আজ ওরা দুজনে এক সপ্তাহের জন্য সুইজারল্যান্ড যাচ্ছে। রুদ্রপ্রয়াগ থেকে ফিরেই এই সিদ্ধান্ত নেয় ওরা। অনেক হয়েছে ছোটাছুটি। এবার একটু থিতু হতেই হবে। দাদুর থেকে দিম্মার শেষ ছবিটার একটা কপি নিয়ে এসেছিল ওরা। সেই ছবি এখন সযত্নে রুমুনের হ্যান্ডব্যাগে রয়েছে। রেণুও চলেছেন আজ নাতি নাতবউয়ের সাথে সুইজারল্যান্ড। দাদুকে কথা দিয়েছে ওরা, ভিডিও কল করবে ওরা রোজ। দুই প্রজন্ম কপোত-কপোতীর আজ উড়বার পালা।