Friday, January 11, 2019

চিতপটাং

আমার একটি পোষা বিড়াল আছে। ওর নাম চিতপটাং। সারাদিন যেখানেই থাকুক না কেন, রাত্তির হলেই সে আমার ঘরে চলে আসবেই। বড়ই আদুরে। কালো হলুদ সাদা লোমশ। আমার খাটের নীচে ওকে শুতে হবেই। ওর ম্যাও ম্যাও ডাক না শুনলে আমার ঠিক ঘুম হয় না। এটাই অভ্যেস।
গত তিনদিন ধরে চিতপটাং নিখোঁজ। অনেক এদিক ওদিক খুঁজলাম। কিন্তু ওকে দেখতেই পেলাম না। কত ডাকলাম। কোন পাত্তা নেই। মন খারাপ আমার।
গতকাল রাত্তিরে আলো নিভিয়ে শুয়ে পড়েছি। হঠাৎ মাঝ রাত্তিরে চিতপটাং এর পরিচিত স্বরে ম্যাও ম্যাও ডাকে আমার ঘুম ভাঙল। বেড স্যুইচ অন করে দেখলাম আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। আর ডাকছে। মাথায় হাত বুলিয়ে দিলাম। ও নিজের জায়গায় গিয়ে কুণ্ডলী পাকিয়ে শুয়ে পড়ল।
সকাল হতে দেখি ও নেই। বেরিয়ে গিয়েছে। কাজ কর্ম সেরে বেরোতে যাব বাড়ির বাইরে, দরজাটা লক করছি, এমন সময় মনে পড়ল, গতকাল সকালেই না চিতপটাংকে সিমেট্রিতে রেখে এসেছি?

Thursday, January 10, 2019

to new beginnings (6)

অবশেষে ডাক্তারের রিপোর্ট থেকে জানা গিয়েছে সুকন্যা কোনোদিনও মা হতে পারবে না। শুদ্ধশীল ও তার বাড়ির লোকজন রীতিমত বিরক্ত। ঠাকুমা তো বংশের বাতি কে জ্বালাবে সেই দুঃখে শোকাতুরা। পিসি বিধান দিলো, এক্ষুণি এই মেয়েকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে দেওয়া হোক শুদ্ধর। চেনাশোনা উকিল আছে। মিউচ্যুয়াল ডিভোর্স পেতে অসুবিধে হবে না। দুজনে সই করে দিলেই হয়ে যাবে। মুক্তি। নতুন জীবন।
এমনটা হতেই পারতো। কিন্তু, হলো না। শুদ্ধশীল আর সুকন্যা একসাথে সই করলো বটে একটা কাগজে। কিন্তু সেটি ডিভোর্স পেপার নয়। adoption এর কাগজ। ছোট্ট তানিকে নিয়ে আজ ওরা নতুন করে শুরু করতে চলেছে নিজেদের জীবন।
To new beginnings...
নববর্ষ উপলক্ষে এই চিন্তায় বেশ কয়েকটি মাইক্রো টেলস লিখলাম। আজকেই ছিল শেষ পর্ব। আগামীর পথ হোক মসৃণ।

Wednesday, January 9, 2019

To new beginnings 5

আজ তিষ্য দাশগুপ্তর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তিষ্য মেডিকালে রাজ্যে পঞ্চম স্থান অর্জন করেছে। আর তার ফলে ওদের বাড়িতে আজ একটা হইহই রমরমা আবহাওয়া। দাশগুপ্ত পরিবারের বাড়িশুদ্ধু সক্কলে ডাক্তার। ঠাকুরদা, ঠাকুমা, জ্যাঠা, জেঠি, বাবা, মা, দুই পিসি, জেঠতুতো দুই দাদা দিদি প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত। আর তিষ্যও পড়াশোনায় বরাবরই ভালো। কোনদিন প্রথম তিনের বাইরে থাকেনি স্কুলে। মাধ্যমিকে তো স্কুল থেকে সর্বোচ্চ নম্বর পর্যন্ত পেয়েছিল ও।  তাই এই রেজাল্ট ওদের কারুর কাছেই তেমন অপ্রত্যাশিত নয়।

ল্যান্ডলাইন টেলিফোন, মা বাবার মোবাইল, ওর নিজের মোবাইল সারাক্ষণ বেজেই যাচ্ছে। শুভেচ্ছা বার্তার ছড়াছড়ি। মিডিয়ার লোক এই এলো বলে।

এমন সময়ে তিষ্য ওর মা আর বাবাকে ডেকে নিজের ঘরে গিয়ে বসল। বলল, "মা, বাবা। তোমাদের কিছু জানাতে চাই।"
দুজনে একটু অবাক। কী ব্যাপার এমন যে ছেলে ওঁদের এমনভাবে ঘরে ডেকে আনল।
"হ্যাঁ, বল কী বলবি?" মা তিষ্যর দিকে তাকিয়ে বললেন।
"যদিও আমি মেডিকালে এত ভালো র‍্যাঙ্ক করেছি, কিন্তু আমি ডাক্তারি পড়তে চাই না মা।" একটু কাঁপা কাঁপা গলায় তিষ্য কথাগুলো বলল।
"ডাক্তারি পড়বি না মানে? তাহলে কী পড়বি? এই এত ভালো র‍্যাঙ্ক করে কেউ ডাক্তারি ছেড়ে দেয়? পাগল হলি নাকি? " তিষ্যর বাবা গড়গড় করে বলে যান।
"হ্যাঁ বাবু। কী পাগলামি কথা এগুলো? ডাক্তারি পড়ার তোর কত শখ ছিল তো। এত পড়াশোনা করে এমন দুর্দান্ত রেজাল্ট করে এসব কী বলছিস?" তিষ্যর মাও উত্তেজিত হয়েই ছেলেকে জিজ্ঞেস করেন।

"মা, বাবা। আমি জানি তোমাদের সকলের অবস্থা। আমার এই ডিসিশানটা সত্যিই অন্যরকম। আমিও তোমাদের জায়গায় থাকলে এমনভাবেই রিঅ্যাক্ট করতাম। কিন্তু দেখো, তোমাদের সকলকে দেখে আমার মনে হয়েছে যে এই পেশা আমার জন্য নয়। আমি তাই ঠিক করেছি জেনারাল লাইনে লেখাপড়া করব। ফিজিক্সে। আমার ফিজিক্স পড়তে ভীষণ ভালো লাগে। মাস্টার্স তো করবোই। তারপর পি এইচ ডি ও। নামের আগে ডক্টর বসে যাবে ঠিকই।  জার্নিটা সহজ হবেনা ঠিক। কিন্তু তোমরা প্লিজ আমার সাথে থেকো?"
দাশগুপ্ত দম্পতি অবাক। ওঁদের ছেলে কবে এত বড় হয়ে গেল? এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস পেয়ে গেল... এত আত্মবিশ্বাসই বা কোত্থেকে এলো?

"দেখ বাবু, শেষমেশ তোকে নিজের কেরিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কোনদিনও আমরা তোর ওপর কিছু চাপাইনি। আজও চাপাবো না। তবে তুই যা ভালো বুঝিস, তাই কর। শুধু এইটা জেনে রাখ, আমরা রইলাম তোর পাশে। সব সময়। " মায়ের কথায় তিষ্য যেন অনেকটা ভরসা পেল।


আর এইভাবেই পরেরদিনের সংবাদপত্রের শিরোনাম তৈরি হয়ে গেল। "রাজ্য জয়েন্টের কৃতী ছাত্র ডাক্তারি না পড়ে যেতে চায় পদার্থবিদ্যার গবেষণায়। শিক্ষায় কি এলো নতুন দিশা?"   

Tuesday, January 8, 2019

To new beginnings 4

খুব ভয়ে ভয়ে রুমুন বাড়ির কলিং বেল বাজালো। আজকে বড়সড় কেস খেতে খেতে বেঁচেছে মায়ের কাছে। আজ শনিবার। বাড়িতে সবাই ওরা স্ট্রিক্টলি নিরামিষ খায়। একদম মাথায় ছিল না। অগ্নির সাথে ডেটে গিয়ে জমিয়ে চিকেন কাবাব খেয়েছে সিনেমার পর। তারপরেই মা ফোন করেছিল। জিজ্ঞেস করল, "কী খেলি?"
একদম ফ্লোতে এসে বলে ফেলেছিল রুমুন, "চিকেন কাবাব"। আর বলেই এই এত্ত বড় করে জিভ বের করে "কেস খেয়েছি" মুখ করলো। ভাগ্যিস মায়ের ফোনটা ডিস্টার্ব করছিল। তাই মা বললো বটে, "কী বলছিস এহ? শনিবারে চিকেন?" রুমুনও সুযোগ বুঝে বলল, "চিকেন কেন হবে মা? আমি কি জানি না নাকি আজ শনিবার? চিকপি কাবাব খেলাম মা। দারুণ খেতে। একদিন খাওয়াবো তোমায়।" যদিও মা "ও তাই বল" বলল, তবুও, বুকটা ধুকপুক করছেই।
মা এসে দরজা খুলল। আহ। কী সুন্দর বিরিয়ানির গন্ধ। নিশ্চয়ই পাশের ফ্ল্যাটে খাচ্ছে।
"রুমুন, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। আমি ডিনার সার্ভ করছি।"
বেশ বেশ। মায়ের মুড মনে তো হচ্ছেনা খুব খারাপ বলে। তাহলে হয়তো এ যাত্রায় বেঁচেই গেল রুমুন।
খাবার টেবিলে ওর সামনে এসে মা যখন বিরিয়ানির প্লেটটা রাখল, ঠ্যাংটা অত্যন্ত লোভনীয় ভাবে ওর দিকে তাকিয়ে। ঠিক যেন ওকে উস্কাচ্ছে। কী অবাক কান্ড। "শনিবারে চিকেন? কী ব্যাপার মা?" রুমুন সপ্রশ্ন দৃষ্টিতে মায়ের দিকে তাকালো।
"ইচ্ছে করছিল খুব। ফ্রিজে চিকেন ছিল। তাই বানিয়ে ফেললাম। আজ থেকে আর নো মোর সাচ মঙ্গল শনি।"
"চিয়ার্স মা। To new beginnings..." রুমুন মায়ের গলা জড়িয়ে গালে চুমু খেলো।

Saturday, January 5, 2019

to new beginnings 3

"মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী শ্রী দেবদীপ মিত্র এই মামলায় বেকসুর খালাস হলেন।" জজসাহেবের নির্দেশটা মাথা উঁচু করেই শুনল দেবদীপ। মিউজিয়ামের চুরির দায়ে মিথ্যে ফেঁসে যাওয়ার থেকে অবশেষে মুক্তি। মনে পড়ে যাচ্ছিল বারবার সেই অভিশপ্ত রাত্তিরের কথা। সবে ডিনার সেরে উঠছে। এমন সময় সদর দরজায় পুলিশের টোকা। তারপরে প্রতিবেশীদের কৌতূহলী নজরের সামনে দিয়ে থানা যাওয়া। লকাপ। পুলিশের জেরা। অফিস থেকে সাসপেনশন। তদন্ত চলাকালীন সকলের ওকেই দোষী ধরে নেওয়া। অসম্ভব অন্ধকারের মধ্যে দিয়ে কেটেছে দিনগুলি।

তবুও, প্রতি মুহূর্তে স্ত্রী সুচিত্রা আর কন্যা গুড্ডির আশ্বাসে নিজেকে সামলে রেখেছিল দেবদীপ। বারবার এই অপ্রয়োজনীয় হয়রানির মুহূর্তগুলো দুর্বল করে দিত ওকে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করেছে কতবার। মা বাবা আর স্ত্রী সন্তানের মুখ চেয়ে পারেনি। ভাগ্যিস।

আদালতের রায় শোনার পর সেদিনের সেই তথাকথিত বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা আজ ভিড় করেছে ওকে আবার আপন করে নিতে। কিন্তু দেবদীপর ওসবের জন্য এখন সময় নেই। শিগগিরই অফিস জয়েন করতে হবে। আর তারপর সপরিবারে নিছক একটা ছুটিযাপনের পরিকল্পনা করতেই হবে।

শুরু হতে চলেছে ওর জীবনে একটা নতুন অধ্যায়। মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াইটা যে জিতে গিয়েছে ও।

To new beginnings...


Thursday, January 3, 2019

To new beginnings (1)

কুয়াশা ঘেরা রাস্তায় পাশাপাশি হাঁটছে ওরা দুজন। অচেনা। অজানা। সামনে অনেকটা পথ চলা বাকি। সারাদিনের বৃষ্টিতে বাতাস স্যাঁতস্যাঁতে। কনকনে ঠাণ্ডা।
ছেলেটি নিজের গা থেকে কোটটা খুলে জড়িয়ে দিল মেয়েটির গায়ে।
মুহূর্তের উষ্ণতায় তৈরি হল এক নতুন বন্ধুত্ব।
To new beginnings... To a very happy new year 2019...

To new beginnings (2)

"শেষ মেশ তাহলে ইস্তফাটা দিয়েই দিলি?" অনিন্দ্যর টেবিলে এসে জিজ্ঞেস করলেন বোসদা।

"হ্যাঁ। বস রাজি হয়ে গেল। প্রথমে একটু দোনামনা করছিল। আমি বললাম পেন্ডিং কাজ সব শেষ করে দেবো। তখন গিয়ে রাজি হল।" অনিন্দ্য হাসি মুখে উত্তর দিল সহকর্মী বোসদাকে।

"ভেবেচিন্তে করেছিস তো বটেই। যাক তাহলে ফাইনালি মনের মতো কাজ করতে পারবি।" অনিন্দ্যর পিঠ চাপড়ে বললেন বোসদা।

"হুম। খেতে পাই না পাই, অন্তত দিনের পর দিন নিঃশ্বাস না নিতে পেরে হাঁপিয়ে উঠব না।" অমলিন হেসে উত্তর দিল অনিন্দ্য।


নিজের সাথে নিজের বহু কথা কাটাকাটির পর অনেক সাহস সঞ্চয় করে অবশেষে অনিন্দ্য এই সিদ্ধান্তটা নিয়েছে। অনেকদিন ধরে অ্যাড এজেন্সিতে ওই ডেডলাইন আর ক্লায়েন্টের নির্দেশ অনুযায়ী কাজ করতে করতে কোথায় যেন নিজের শিল্পী সত্ত্বাটাকে হারিয়ে ফেলছিল। আর না। এবার থেকে শুধুমাত্র ফ্রিলানসিং। নিজের ইচ্ছেয়, নিজের মনের মতো কাজ।


To new beginnings...