Friday, May 31, 2019

একটা উস্কোখুস্কো খামখেয়ালি দুপুর।
বইয়ের পাতা এদিক ওদিক, মন যেন বসেই না তাতে।
তার চেয়ে বরং বারান্দার ওই একটা চেনা কোণ, সাদা চেয়ার, তাতে গা এলিয়ে নস্ট্যালজিয়া যাপন?
নাকি পশ্চিমের ওই রোদ মাখা বিছানায় নরম বালিশের হাতছানি?
উঁহু। সেও তো বড্ড একঘেয়ে, ভালো লাগেনা কিছুই।
কী যে করি? কীই যে করি, ভেবেই হই আকুল।
এমনি করেই কেটে যায় আরেকটা দুপুর। এমনি করেই কাটবে আরো বেশ দিনকতক।
তারপর? তার আর পর কী?
তল্পিতল্পা গুছিয়ে নিয়ে আবার শুরু ফেরার কাউন্টডাউন!


জন্মদিনে শুভেচ্ছা জানাবে? তা বেশ তো, জানিয়ো।


কিন্তু দোহাই তোমার, ওসব কঠিন কঠিন কাব্যি স্টেটাস না।


কেনো? কারণ ওই আদরবাসা লজ্জাবাসা নানানবাসাটাসা


কোন কিছুই যে আমি দিতে পারবো না তোমায় ইন রিটার্ন, ডার্লিং।






আমার দৌড় ওই "মন ছুঁয়ে গেলো", "তুমি যে আমার" এইসব ছাপোশা ফ্রেজ অবধিই সীমাবদ্ধ,


নেহাতই সাধারণ, সহজ কথা, তাই সহজ পাঠেই মুহূর্তরা থাকে মুঠোবন্দী।





অনুভূতিটুকু হোক না খাঁটি, নাই বা হলে রাশভারী,









কারণ দিনের শেষে সেই একলাযাপন, কারণ?

আমি যে "আদতে আনাড়ি"।

শহরের পাঁচালি 7

বিকেল পাঁচটা। রোদের তেজটা একটু হলেও কমেছে। বেরোতে হলে এইবেলাই বেরনো উচিত, এই মনে করে কর্পোরেশন অফিসের ক্যাজুয়াল স্টাফ রবি গুটিগুটি পায়ে ফিরোজদার টেবিলের দিকে এগোল। ফিরোজ এই অফিসের বড়বাবু। ক্যাজুয়াল স্টাফেদের মাইনেপত্তর উনিই দেখেন। কাচুমাচু মুখ করে খানিক দাঁড়ালো রবি। ফিরোজ কোন কাগজপত্র ফাইল টাইল বেশ মনোযোগ দিয়েই দেখছিলেন। রবি একবার গলা খাঁকড়ি দিলো। ফিরোজ মাথা তুলে তাকালেন, "কীরে রবি? কিছু বলবি?" রবি একটু হাত কচলে, ইতস্তত করে বলল, "ইয়ে মানে ফিরোজদা, আজ তো একত্রিশ তারিখ। এই মাসের মাইনেটা যদি আজ..." রবির কথা মাঝপথে থামিয়ে দিয়ে ফিরোজ বললেন, "সে তো জানি রবি। কিন্তু দেখ, ফাইল পাশ হয়নি। কী করে দিই বল তোকে?" কথাগুলো শুনে রবির মুখ চুন হয়ে গেলো। "আসলে কদিন বাদেই তো ঈদ দাদা, বউ আর ছেলে মেয়েদুটোর জন্য নতুন জামা কিনতে হতো..." ফিরোজ প্রবল দুঃখিত মুখে মাথা নেড়ে নিজের অক্ষমতার কথা জানিয়ে দেন। রবি মাথা নীচু করে ফিরে আসে নিজের টেবিলে। ঘড়ির কাঁটায় তখন পাঁচটা পনেরো।
জানলার বাইরে তাকিয়ে দেখতে পায়, নিউ মার্কেট চত্বরের ব্যস্ততা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ছোট ছোট দোকান, বড় ঝাঁ চকচকে দোকান, সব জায়গায় দোকানিরা পসরা সাজিয়ে রেখেছে। উৎসবের মরসুম। বিক্রিবাট্টা ভালোই হবে, এই আশায়। ক্রেতারাও এ দোকান সে দোকান ঘুরে ঘুরে পছন্দের জিনিস কিঞ্ছে, সামর্থ্য অনুযায়ী। রবির মনটা খারাপ লাগে। গত বছর ঈদে বউকে একটা সামান্য ছাপা শাড়ি আর ছেলে মেয়েদুটোকে ছিট কাপড়ের জামা প্যান্ট দিতে পেরেছিল। আর কিছু কেনার সামর্থ্য তখন ছিল না। অনেক কষ্ট করে টাকা জমিয়ে, ওভার টাইম খেটে নিজের একটা একতলা বাড়ি বানিয়েছে ও। ভেবেছিল এ বছর অনেকটাই স্থিতি ফিরেছে, একটু ভালো করে দেওয়া থোওয়া করবে। মেয়েটাকে একটা জড়ির কাজের সালওয়ার কুর্তা, ছেলেকে শেরওয়ানি আর বউকে নকশি কাজের শাড়ি কিনে দেবে। কিন্তু গত তিন মাস ধরে মাইনেই আসছে না। প্রতি সপ্তাহেই শুনছে এই তো, এই সামনের সপ্তাহে দেবে, কিন্তু টাকা আর আসে না। বিল পাশ হয়না। আন্দোলন করে করে ওরা ক্লান্ত। এবারের রোজাতেও তাই উপোস ভাঙতে ফলটলও খুব একটা কেনা হচ্ছেনা। বিষণ্ণ রবি দাঁড়িয়ে থাকে জানলার ধারে।
"রবি, এই রবি?" বর্ণালী দিদির ডাকে সম্বিৎ ফেরে রবির। "আসছি দিদি।" এই বলে রবি এগিয়ে যায় দিদির টেবিলের দিকে। দিদি এই অফিসের অন্যতম সিনিয়র। খুব হাসিখুশি মানুষ। সকলের সাথে ভালো ব্যবহার করেন। আর তাই সক্কলে দিদিকে ভালোবাসে। রবি দিদির কাছে এসে দাঁড়ালে, দিদি একটা সাদা খাম ওঁর হাতে ধরিয়ে দিয়ে বলেন, "শোন রবি। এতে সামান্য টাকা আছে। তোর আর তোর পরিবারের জন্য ঈদি। কাপড় জামা কিনে দিস ওদের পছন্দমতো। আর আজকে দেখলাম নিউ মার্কেটে ভালো টাটকা লিচু এনেছে। নিয়ে যাবি এক কিলো। ছেলে মেয়ে আর বউকে খাওয়াবি। বুঝলি?" রবি স্তম্ভিত হয়ে দাঁড়ায়। মুখে কোন কথা ফোটে না। "আরে, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কী? নে ধর। আর বেরিয়ে পড়। দোকানে এরপর আরো ভিড় বাড়বে। যা কেনাকাটি কর। তাড়াতাড়ি বাড়ি ফের।"
রবি কৃতজ্ঞচিত্তে নিজের জায়গায় ফেরে। মনে মনে আল্লার কাছে দিদির জন্য দোয়া চায়। সত্যিই, দিদির মতো মানুষ হয়না। ঠিক যেন ফরিশ্তা।
সেদিন রবি নিউ মার্কেট ঘুরে ঘুরে এ দোকান সে দোকান ঘুরে, ছেলে মেয়ে আর বউয়ের জন্য পছন্দসই জামা কেনে। আম আর লিচুও কিনে ফেলে এক কেজি করে। আহা, এতদিন পর, পরিবারের মুখে একটু হাসি ফুটবে। বাজারহাট করে যখন নিউ মার্কেট চত্বরের ভিড় ঠেলে ও হাঁটতে থাকে, সারাদিনের ক্লান্তি যেন আসন্ন খুশির আশায় কোথায় গায়েব। নতুন জীবনীশক্তিতে রবি তখন উজ্জীবিত। 

Thursday, May 30, 2019

একটা সময়, মানে যখন এই টি টুয়েন্টির দৌরাত্ম্য শুরু হয়নি, আই পি এল এসে সব লন্ডভন্ড করে দেয়নি, যখন ক্রিকেটে ঝড় বলতে শারজার মাঠে শেন ওয়ারনের বলে শচীনের তুলে তুলে ছয় আর সৌরভ গাঙ্গুলির বাপি বাড়ি যা বুঝতাম, তখন ক্রিকেট খেলাটাকে মন প্রাণ দিয়ে ফলো করতাম। সে টেস্ট হোক কি ওয়ান ডে। তখন বেশিরভাগ সময়ই অস্ট্রেলিয়ার সাপোরটার ছিলাম। সৌজন্যে স্টিভ ওয়া আর অ্যাডাম গিল্ক্রিস্ট। তবে নন অস্ট্রেলিয়া ম্যাচে অবশ্যই ইন্ডিয়া। অজয় জাদেজা, রাহুল দ্রাবিড় এঁরা তখন আমার হিরো। বলতে লজ্জা নেই, সৌরভ গাঙ্গুলিকে তখন কিছুটা হলেও অপছন্দই করতাম, রাহুল দ্রাবিড়ের কম্পিটিটর ভেবে। শচীন শচীন করে সারা দেশ পাগল হলেও আমার পছন্দ বরাবরই হাটকে। তাই রাহুল দ্রাবিড় আর জাদেজা। তখন খবরের কাগজে এই ক্রিকেটারদের প্রচুর ছবি বেরতো। বিজ্ঞাপনে। সব কেটে কেটে রাখতাম। আমার পড়ার বইয়ের তাকের দরজার ভিতরের পাল্লায় বেয়ার জিন্সের বিজ্ঞাপনের অজয় জাদেজা শুয়ে থাকতো কেত মেরে, পেপসির বোতল হাতে থাকতো দ্রাবিড়। এম আর এফের টায়ারের সামনে দাঁড়িয়ে শচীন। মনে আছে, একটা খয়েরি রঙের ডায়েরি ছিল আমার। সেখানে খেলায় অস্ট্রেলিয়া (বেশি করে) আর ইন্ডিয়া (শুধু যদি দ্রাবিড় বা জাদেজা হিরো হয়) জিতলে সেইসব নিউজপেপার কাটিং জমিয়ে রাখতাম। বেড়াতে গেলেও হোটেলের ঘরে টিভি থাক্তেই হবে। ম্যাচ মিস করলে চলবে না। বাড়িতে ফোন করে বলে রাখতাম, খবরের কাগজ যেন তুলে রাখা হয়। সেই ডায়েরিটাও দিনদিন মোটা হতে লাগলো। স্মৃতিতে ঠাসা। হ্যাপি মেমোরিজে ভরপুর।
বিশ্বকাপ ক্রিকেট সেই আমলে ছিল একটা বিরাট যজ্ঞ। একটা গ্র্যান্ড সেলিব্রেশন। হইহই করে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই শিডিউল কেটে রাখা খবরের কাগজ থেকে। কে কাকে সাপোর্ট করবে, সেই নিয়ে কত জল্পনা কল্পনা। বিভিন্ন প্রোডাক্ট কিনলে কত ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার সুযোগ, এই ফাঁদে পা দিয়ে একটার পর একটা অপ্রয়োজনীয় জিনিস বাবাকে দিয়ে কেনানো, এবং প্রতিবার ওই "বেটার লাক নেক্সট টাইম" পেয়ে সাময়িক হতাশ হওয়া। বিশ্বকাপের স্মৃতি বলতে হঠাৎ মনে পড়ে যায়, কোন একবার,কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়া পাকিস্তান খেলা চলছে। এদিকে আমি দাঁতের ডাক্টারের চেম্বারে, ই ই ডি এফে। দাঁত তোলার যন্ত্রণা উপেক্ষা করে বাড়ি ফিরেই টিভির সামনে।
সেইসব দিন গেছে। বারাবারি রকমের ক্রিকেট শুরু হওায় প্রথম প্রথম চেষ্টা করলেও এখন আর তেমনভাবে ফলো করতে পারি না। তবুও ভেবেছি, এই বছর বিশ্বকাপ দেখবো। হয়তো প্রতিটা ম্যাচ, প্রতিটা বল ফলো করা যাবে না, তাও, যতদূর সম্ভব। দেখবোই। এবং সেই আগের মত নিয়ম করে স্পোর্টসের পাতা পড়বোই। আফটার অল, ক্রিকেট বিশ্বকাপ মানেই যেন সেই ফেলা আসা শৈশব, কৈশোর।
আজ থেকে শুরু হচ্ছে আবারও। সেই মহারণ।



শহরের পাঁচালি ৬

সারা বছর দাঁতে দাঁত চিপে রেখে কাজ করে যায় চিত্রাংশী। ভীষণ হোমসিক লাগে মাঝেমধ্যেই, তবুও, ছুটি ও নেয়না। সমস্ত ছুটি জমিয়ে রাখে এই আশ্বিনের শারদ প্রাতের ক'টা দিনের জন্য। সারা বছর বসের চোখ রাঙানি, সহকর্মীদের সাথে বাদানুবাদ, সব মাথা পেতে নেয়, মুখ বুজে সহ্য করে নেয়।

আরে বাবা, পুজোর এই কয়েকটা দিন যদি আপনজনেদের সাথে নাই থাকা হলো, তো কী লাভ? সক্কাল হতে না হতেই স্নান সেরে নতুন জামা পরে দিদিমণির হাত ধরে প্যান্ডেলে যাওয়া, তারপর কোনমতে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়েই বন্ধুদের দলে ভিড়ে যাওয়া। সারাদিন এ প্যান্ডেল ও প্যান্ডেল ঘুরে খেয়ে দেয়ে ঘেমে নেয়ে বিধ্বস্ত হয়ে বাড়ি ফেরা। তবে সেও বেশিক্ষণের জন্য না। আবার তড়িঘড়ি তৈরি হয়ে নেওয়া। সন্ধ্যের স্পেশাল সাজ। সবচেয়ে দামী আর ঝলমলে পোশাক এই রাতের জন্যই। তারপর হুড়মুড় করে এসে পৌঁছনো প্যান্ডেলে। ইতিমধ্যেই বন্ধুরা সব হাজির। পাড়ার মন্ডপের জলসা শুরু হবে যে। চলবে এন্তার ফুচকা, এগ রোল, বুড়ির মাথার পাকা চুল, কোল্ড ড্রিঙ্ক। এ কদিন সমস্ত ডায়েট যাবে শিকেয়, গুরুজনদের শাসন কাজ করবে না। অনেক রাত অবধি চলবে আড্ডা, ঝারি মারা। ব্যাকগ্রাউন্ডে কচিকাচাদের নাচ, গান। বড়দের নাটক। তারপর অনেক রাত অবধি বাংলা ব্যান্ডের গান। চন্দ্রবিন্দু, অভিলাষা... পরেরদিন অষ্টমী হলে আবার আরেক প্রস্থ মিটিং। কাকিমাদের সাথে। কে কোন দায়িত্বে থাকবে। চিত্রার খুব ভালো লাগে সন্ধিপুজোর কাজ করতে। একটা অদ্ভুত রকমের সৌন্দর্য যেন মায়ের মূর্তিতে দেখতে পায় ও। চিত্রা ছোটবেলায় মাকে হারিয়েছে। জগতজননীর মধ্যেই খুঁজে পেতে চায় বারবার তাই নিজের মাকে।

Wednesday, May 29, 2019

১।

সাতাশ বছর বয়স হতে চলল, তবুও নামের শেষে ছাত্রী তকমাটা কিছুতেই আর কাটাতে পারেনা ঘুঙুর। ঘুঙুর, ভালো নাম লাবণ্যপ্রভা দাশগুপ্ত। বর্তমানে ব্যাঙ্গালোরে ফিজিক্স নিয়ে গবেষণা করছে। আপাতত গরমের ছুটিতে দু সপ্তাহের জন্য কলকাতা এসেছে। এবং এসেই এই কটা দিন চুটিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ এই বন্ধু, কাল ওই বন্ধু। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। সব জায়গার যত বন্ধুরা কলকাতায় আছে, সক্কলের সাথে দেখা না করেই নয়। এইসব ক্ষেত্রে অবশ্য চাকুরিরত বন্ধুদের সাথে গল্প করতে করতে একটা জিনিস বুঝেছে ও। যতই চাকরি ও তার সাথে মোটা মাইনের হাতছানি এখনও অধরাই রয়ে গেছে ওর কাছে, তবুও, এই ছাত্রীজীবনে বেশ আরাম, বেশ আয়েশ। 

Monday, May 27, 2019

শহরের পাঁচালি ৫

প্লেনটা যখন ল্যান্ড করলো কলকাতার বুকে, এক অদ্ভুত অনুভূতি হচ্ছিলো অমৃতার। আজ কতগুলো বছর পরে ও ফিরলো নিজের জন্মভূমিতে। তা, প্রায় পনেরো বছর তো হবেই। হ্যাঁ, ঠিকই তো। ক্লাস এইটে সেই যে মা বাবার হাত ধরে ইংল্যান্ডের কভেন্ট্রি চলে যাওয়া... তারপর দেশে এলেও কলকাতায় আর আসা হয়ে ওঠেনি। দাদু ঠাকুমার বাড়ি দিল্লী আর দাদু দিদিমা মামার কাছে ব্যাঙ্গালোরে। কাজেই পনেরো বছরে দেশে বার দশেক এলেও তিলোত্তমার সাথে দেখাটা হয়ে ওঠেনি। অবশ্য এইবারে যদিও ব্যাপারটা ঠিক "ফেরা"র মত ফেরা না হলেও, কাজের সূত্রে এইবারে অন্তত ছ'মাস থাকবে অমৃতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ভিসিটিং স্কলারের পদ নিয়ে এসেছে। ইচ্ছে পি এইচ ডির একটা অংশ এখান থেকেই করবে।
কলকাতায় জন্ম এবং টিনেজের শুরু অবধি এই শহরেই কাটানোয়, কলকাতা অমৃতার বড্ড প্রিয়, বড়ই আপন। সেই দেশপ্রিয় পার্কের প্রাইমারি স্কুল, তারপর তিন বছর সেলিমপুরে হাই স্কুল। এরই মধ্যে কত কত বন্ধুত্ব, কত মুহূর্ত... গত পনেরো বছরে যা প্রতিনিয়ত মনে পড়েছে অমৃতার। সেই নীল রঙা স্কুল বাস, ছোট্ট ছোট্ট সিট। ঢিকিস ঢিকিস করতে করতে লেক গার্ডেনসের ভিতর দিয়ে সবাইকে তুলতে তুলতে যাওয়া। রাস্তায় মিনিবাস, এমনি বাস। অটো। হলুদ কালো ট্যাক্সি। রিকশা। বড় মিস করেছে ও। বন্ধুদের মধ্যে বেশ কয়েকজনের সাথেই ইমেল ও এখন ফেসবুক হোয়াটসআপের সৌজন্যে যোগাযোগ অবিচ্ছিন্ন রয়ে গিয়েছে ঠিকই, কিন্তু ওই যে সামনাসামনি দেখা, কোলাকুলি, খুনসুটি... এসবের অভাব অবশ্যই বোধ করেছে অমৃতা। ইংল্যান্ডের বন্ধুত্বগুলো অবশ্যই ভালো, অন্যরকমের, কিন্তু কলকাতার বন্ধুগুলোর আলাদা টান। অমৃতা ভাগ্যবান, ওর সমস্ত কাছের বন্ধুগুলো সব্বাই কলকাতাতেই রয়ে গিয়েছে। কেউ কেউ চাকরি করছে, কেউ বা পড়ছে। তাই এই ছ'মাস ওর ওদের সাথে দেখা সাক্ষাৎ হবেই হবে। শহরটা এই পনেরো বছরে অনেকটাই বদলে গিয়েছে। নতুন নতুন ঝাঁ চকচকে ক্যাফে, মল, রেস্তোরাঁ, মাল্টিপ্লেক্সে ছেয়ে গিয়েছে। ফেলে যাওয়া শহরটার সাথে যেন এই নবরূপী কল্লোলিনীকে মেলানোই যায় না।
আজ বিকেলে ওদের বন্ধুদের গ্রুপের মিনি রি-ইউনিয়ন। অপালাই সব ব্যবস্থা করেছে। অমৃতার অনারে। সোনালী, মিথিলা, সুরঙ্গমা, পলিন সক্কলের আসার কথা। ওদের স্কুলের কাছেই একটা নব নির্মিত ক্যাফেতে। চারটে নাগাদ। অমৃতা তো দুপুর থেকেই উসখুস করছে। কখন যাবে। কখন দেখা হবে সকলের সাথে। ঝটপট দুপুরের খাওয়া সেরে বান্ধবীদের জন্য আনা উপহারের ডালি নিয়ে পছন্দের হলুদ-কালো ট্যাক্সি নিয়ে চারটের আগেই পৌঁছে গিয়েছে নির্দিষ্ট ক্যাফেতে। মেসেজে সবাইকে জানিয়েও দিয়েছে পৌঁছসংবাদ। সবাই এই আসছি, অলমোস্ট দেয়ার ও বলে দিয়েছে। এবার ক্ষণিকের অপেক্ষা। একটা কোল্ড কফি অর্ডার করে অমৃতা বসে থাকে, অপেক্ষায়। ঘড়ির কাঁটা ছুটতে থাকে আপন বেগে। রবিবার বিকেলের কলকাতা আস্তে আস্তে বেরিয়ে পড়েছে উইকেন্ড উদযাপন করতে। মাঝে মাঝে ফোন আর মাঝে মাঝে দেওয়ালের মস্ত ঘড়িটার দিকে চোখ চলে যায় অমৃতার। ঘড়ির কাঁটা সাড়ে চারটে পেরিয়ে যায়। সত্যিই, বেঙ্গলি স্ট্যান্ডার্ড টাইম কি আর সাধে বলে? কিছু কিছু জিনিস অবিকল এক থেকে যায়। এমন সময় হঠাৎ উল্টোদিকে নজর পড়ে অমৃতার। দেখে ট্যাক্সি থেকে বোঁচকা মত ব্যাগ নিয়ে নামছে  পলিন। এবং আলুথালু অবস্থা। পরনে লাল কুর্তি, নীল জিন্স। অমৃতার চোখের সামনে ভেসে ওঠে সেই স্কুলবেলার পলিন। লাল স্কার্ট সাদা ব্লাউজের ইউনিফর্মে, পিঠে ব্যাগ, হাতে টিফিন কেরিয়ার নিয়ে এমন হন্তদন্ত হয়েই স্কুলে ঢুকত ওর নানুর হাত ধরে। স্মিত হাসে অমৃতা। সত্যিই, কিছু কিছু জিনিস, অবিকল এক থেকে যায়। অনন্তকাল ধরে। আর তাতেই বুঝি সযত্নে থাকে প্রিয়জনেরা, প্রিয় মুহূর্তেরা।